নবাবগঞ্জে রাস্তা সংস্কার করল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ শহরের মহিলা কলেজের মোড়ে মূল সড়কে যত্রতত্র খানাখন্দ সৃষ্টি হয়ে এক মাস ধরে কাদা পানিতে ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় লোকজন। বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমে খানাখন্দগুলো বালু ও খোয়া দিয়ে ভরে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ প্রথম আলোকে বলেন, শহরের মূল প্রাণকেন্দ্র মহিলা কলেজ মোড়। দীর্ঘদিন থেকে সেখানে সড়কের ওপরে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে শহরের বাসিন্দা ও সেখানকার ব্যবসায়ীদেরও ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিষয়টি ছাত্রলীগের পক্ষ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরাই সেটি সংস্কার করেছেন।