নবাবগঞ্জে সন্ত্রাসীকে গ্রেপ্তার ও ওসির অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাবগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় পাভেল বাহিনীর প্রধান পাভেলকে গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবলীগ। এ সময় পাভেলকে মদদ দেওয়ার অভিযোগে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেনের অপসারণ দাবি করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন খান। তিনি বলেন, পাভেল শত শত মানুষের সামনে জালালকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। পাভেল দিনেদুপুরে বাস ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলার আসামি। ওসি জাহাঙ্গীর হোসেনের যোগসাজশে এলাকায় বহালতবিয়তে চলাফেরা করে আসছে সে।সংবাদ সম্মেলনে অবিলম্বে পাভেল ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং ওসি জাহাঙ্গীর হোসেনের অপসারণ দাবি করা হয়।যুবলীগের অভিযোগের ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি পাভেলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছেন। পাভেলের নামে থানায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা আছে।