নবাবগঞ্জে সরকারদলীয় ২৪ নেতা-কর্মী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেনসহ চারজনকে পেটানোর মামলায় গতকাল বৃহস্পতিবার সরকারদলীয় ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২০১৪ সালের ১ অক্টোবর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘অবৈধভাবে’ নিয়োগ পাওয়া ৩৯ জন নৈশপ্রহরীর বেতন ছাড় করার অভিযোগে তাঁদের পেটায় দুর্বৃত্তরা।
ওই পেটানোর ঘটনায় ইউএনওর কার্যালয়ের অফিস সুপারিনটেনডেন্ট (ওএস) আবদুর রহমান যুবলীগ ও ছাত্রলীগের চার নেতা-কর্মীর নাম উল্লেখসহ আরও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করেন। পরে ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ছাত্রলীগের সভাপতি মো. শাহিনুর রহমান, যুবলীগের সভাপতি মো. নূর শামীমসহ সরকারদলীয় সংগঠনের ৩২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। থানা অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নথিভুক্ত করে।
কোর্ট পরিদর্শক মো. আবু সাঈদ সরকার বলেন, উচ্চ আদালত থেকে নেওয়া জামিনের মেয়াদ শেষে গতকাল ওই নেতা-কর্মীরা দিনাজপুর নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম গোপাল চন্দ্র শুনানি শেষে জামিন নামঞ্জুর করে মো. নূর শামীম, মো. শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেনসহ সরকারদলীয় ২৪ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় জিয়াউর রহমানসহ তিনজনকে জামিন দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবাবগঞ্জে ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘অবৈধভাবে’ নিয়োগপ্রাপ্ত দপ্তরি কাম নৈশপ্রহরীর বেতন ছাড়করণের জের ধরে ওই দিন (২০১৪ সালের ১ অক্টোবর) দুর্বৃত্তরা উপজেলা পরিষদে হামলা চালিয়ে ইউএনওর কার্যালয়, সেটেলমেন্ট কার্যালয়, কৃষি কার্যালয় ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ভাঙচুর করে। এ সময় তারা ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা তরিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী শাহ আলম ও কৃষি কার্যালয়ের পিয়ন শামীম আখতারকে পেটায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দিনাজপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত শেষে জিয়াউর রহমান, মো. নূর শামীম, মো. শাহিনুর রহমানসহ ৩২ জনের নামে চলতি বছরের ১০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
সৈয়দ ফরহাদ হোসেন ২০১৪ সালের ২ অক্টোবর মুঠোফোনে প্রথম আলোকে বলেছিলেন, তিনি ভারতে ১৫ দিনের শিক্ষা ছুটি শেষে ওই দিন (১ অক্টোবর) নবাবগঞ্জে যোগদান করেন। ওই দিন কার্যালয়ে বসার কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা হামলা চালায়। পরে তিনি জানতে পারেন, অনিয়মের মাধ্যমে নিয়োগ হওয়ায় ৩৯ জন নৈশপ্রহরীর বেতন ওই বছরের মার্চ মাস থেকে বন্ধ ছিল। ওই দিন (১ অক্টোবর) নৈশপ্রহরীদের বেতন ছাড়ের জন্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ব্যাংকে বিলের কাগজ জমা দিয়েছেন। তাঁর (সৈয়দ ফরহাদ হোসেন) নির্দেশেই শিক্ষা কর্মকর্তা ওই নৈশপ্রহরীর বিলের কাগজ জমা দিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ গুজবে এ নিয়োগ বাতিলের দাবিদারেরা ওই হামলা চালান। নিজেকে বাঁচাতে শিক্ষা কর্মকর্তা সবার কাছে তাঁর মৌখিক নির্দেশের মিথ্যা তথ্য দিয়েছেন।
ঘটনার দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাদেক হোসেন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বলেন, ওই নৈশপ্রহরীদের বেতন ছাড় করতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির নূরে আলম সিদ্দিকী ও শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রত্যেক নৈশপ্রহরীর কাছ থেকে পুনরায় ১ লাখ ২০ হাজার করে টাকা নিয়েছেন। ওই বেতন ছাড়ের খবরের পরই নিয়োগবঞ্চিত ব্যক্তিরা ওই হামলা চালান। এতে দলীয় নেতা-কর্মীরা জড়িত নন।
সে সময় শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেছিলেন, নৈশপ্রহরীর নিয়োগ অবৈধ। সে সময় নূরে আলম সিদ্দিকী বলেছিলেন, তিনি নৈশপ্রহরীদের বেতন ছাড় করতে টাকা নেননি।