নবাবগঞ্জে সাতটি দপ্তর প্রধানের পদ শূন্য
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সাতটি কার্যালয়ে উপজেলা কর্মকর্তার (প্রধান) পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে এসব কার্যালয়ে অন্য উপজেলা কার্যালয়ের প্রধানেরা অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে উপজেলাবাসী কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, যে সাতটি উপজেলা কর্মকর্তার (প্রধান) পদ শূন্য সেগুলো হলো: উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা।উপজেলার ভাদুরিয়া গ্রামের কৃষক নূরন্নবী মণ্ডল (৫৫) বলেন, ‘জমি বিক্রির জন্য জমির খাজনা ও নাম খারিজ করতে প্রায় দেড় মাস আগে আবেদন করেছি। কিন্তু অফিসার না থাকায় এখনো কাজ হচ্ছে না। প্রায় দিনই অফিসে গিয়ে ঘুরে আসি।’ একই ধরনের কথা বলেন দাউদপুরের কৃষক আইনাল হোসেনসহ কয়েকজন। উপজেলার কয়েকটি কার্যালয়ের কর্মচারীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, কর্মকর্তা না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তারা অফিসে গুরুত্বপূর্ণ কোনো ফাইলে সই করছেন না। অনেক কর্মকর্তা দায়সারা কাজ করে সময় হলেই কার্যালয় ত্যাগ করছেন। উপজেলা কৃষি কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মনোয়ার হোসেন বলেন, ‘সপ্তাহে দুই দিন ৩০ কিলোমিটার দূরে গিয়ে অফিস করতে হচ্ছে। ফলে দাপ্তরিক কাজে সমস্যা হচ্ছে। দেড় মাস ধরে এভাবে অফিস করছি।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোতালেব সরকার বলেন, নবাবগঞ্জ বড় উপজেলা। দীর্ঘদিন ধরে উপজেলার এই সাতটি কার্যালয়ে উপজেলা কর্মকর্তার পদ শূন্য থাকায় সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না। বিশেষ করে ভূমি কার্যালয়ে জমিসংক্রান্ত কাজগুলো আটকে থাকছে। উপজেলা কার্যালয়ের এসব কর্মকর্তার পদ পূরণে জেলা প্রশাসককে জানানো হয়েছে। তবে অচিরেই মহিলাবিষয়ক কর্মকর্তার পদ পূরণ হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী সাদিক বলেন, দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) পদটি দীর্ঘদিন শূন্য থাকায় জমিজমাসংক্রান্ত ৭০০-র মতো খাজনা খারিজ ও মোকাদ্দমা নিষ্পত্তির আবেদন জমা পড়ে আছে। ফলে মানুষের ভোগান্তি হচ্ছে।