নবাবগঞ্জে সাপের আতঙ্ক কাটাতে মনসা পূজা
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নে সাপের আতঙ্ক কাটাতে এলাকাবাসীর উদ্যোগে গতকাল মঙ্গলবার মনসা পূজা পালন করা হয়েছে। দুধ, কলা ও সন্দেশ দিয়ে মানত হিসেবে সাপকে পূজা করা হয়। শত শত নর-নারী এতে অংশ নেন।স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যায় উপজেলার তাশুল্যা গ্রামের বন্দাবনের বাড়িতে মনসা পূজার মন্দির তৈরি করে সাপের দেবতাকে প্রণাম করা হয়। এ সময় সাপের খাবারের মানত হিসেবে দেবতার সামনে দুধ, কলা, মিষ্টি ও সন্দেশকে তবারক হিসেবে দেওয়া হয়। নয়নশ্রী ইউনিয়নের বাংলাবাজার, তাশুল্যা, ভায়াডুবি, বিলপল্লী ও চর তুইতালের হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্মিলিতভাবে এ পূজায় অংশ নেয়। গত ২ অক্টোবর থেকে সাপের আতঙ্কে এ অঞ্চলের মানুষের মাঝে সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপের কামড়ে দুজন মারা যান এবং আহত হন আরও ৩০ জন।গত বুধবার প্রথম আলোতে সাপের আতঙ্ক নিয়ে সংবাদ প্রকাশ হলে ঢাকাসহ বিভিন্ন অঞ্চল থেকে সাপুড়ে এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলে তাঁদের মনের ভয় দূর করতে জনসচেতনতার সৃষ্টি করে।