নবাবগঞ্জে সিঁদ কেটে শিশু চুরি, ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ঘরে সিঁদ কেটে দুই বছরের এক শিশুকে চুরি করে তার বাবা-মায়ের কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। কৈলাইল ইউনিয়নের মাতাবপুর কাটাখালী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।চুরি যাওয়া শিশুটির পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, রাত দুইটার দিকে স্থানীয় কৃষক রতন মিয়ার ঘরে সিঁদ কেটে ঢুকে তার ছেলে সোহানকে চুরি করে নিয়ে যায়। সোহানকে নিয়ে যাওয়ার সময় তার কান্না শুনে তার মা শিমু আক্তার জেগে যান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলেও দূর্বৃত্তদের ধরা যায়নি। পরে বিছানার এক কোণে তাঁরা একটি চিরকুট পান। তাতে লেখা, ‘সন্তানকে পাইতে চাইলে ভোর পাঁচটায় ০১৯৩১১৪৮৬৩১ নম্বরে যোগাযোগ করতে হবে।’শিমু আক্তার জানান, তিনি ওই নম্বরে ফোন করলে তাঁর কাছে সোহানের মুক্তিপণ হিসেবে আট লাখ টাকা দাবি করা হয়। তিনি মুক্তিপণ দাবিকারী ওই ব্যক্তিকে জানান তাঁরা দরিদ্র মানুষ। এত টাকা দেওয়ার সামর্থ্য তাঁদের নেই। কিন্তু শুক্রবার (গতকাল) বিকেল চারটার মধ্যে টাকা না দিলে সোহানকে হত্যা করা হবে বলে তাঁকে হুমকি দেওয়া হয়।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে। সোহানকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে।