নবাবগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের পর হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার রহিমাপুর পশ্চিমপাড়া গ্রামের ভুট্টাখেত থেকে গত শনিবার বিকেলে পুলিশ মিলুদ হাসান (১৩) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে অপহরণ করা হয়েছিল। পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার বারঘরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে ও নবাবগঞ্জের কুশদহ দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। মিলুদের বাবা জানান, নবাবগঞ্জের স্বপ্নপুরী পিকনিককেন্দ্রে তাঁর বড় ছেলের ব্যবসা রয়েছে। মিলুদ ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করত। বৃহস্পতিবার সন্ধ্যায় পিকনিককেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে নবাবগঞ্জের রহিমাপুর গ্রামের পূর্বপরিচিত মোস্তাফিজুর রহমান ও মো. রানা মিলুদকে আটক করেন। পরে তাঁরা মিলুদকে তাঁদের বাড়ি বেড়াতে যেতে বলেন। সে সময় মিলুদ মুঠোফোনে বিষয়টি তার বাবাকে জানায়। এর কিছুক্ষণ পর থেকে মিলুদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা শুক্রবার মোস্তাফিজুর ও রানাকে আসামিকে করে মামলা করেন। শনিবার বিকেলে পুলিশ ভুট্টাখেত থেকে মিলুদের লাশ উদ্ধার করে। তার গলায় ফাঁসের চিহ্ন ছিল।