নবাবগঞ্জে স্বর্ণের ১৩ দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্বর্ণের ১৩টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা নয় লাখ ৫৮ হাজার টাকা ও ৫৫ ভরি স্বর্ণ এবং ২৮০ ভরি রুপা নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানমালিকেরা।
ডাকাতেরা দোকানের কর্মচারী ও বাজারের পাহারাদারসহ আটজনকে পিটিয়ে আহত করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত দুইটার দিকে ৩০-৩৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল চুড়াইন বাজারের স্বর্ণপট্টিতে ১৩টি দোকানে লুটপাট চালায়। এ সময় দোকানে থাকা দুই কর্মচারী ও ছয় নিরাপত্তা প্রহরীকে বেঁধে মারধর করে। আহত ব্যক্তিদের চিত্কারে এলাকাবাসী বের হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা মালামালসহ পালিয়ে যায়।
সংবাদ পেয়ে টহলরত পুলিশও ডাকাতদের ধাওয়া করে।
স্বপন জুয়েলার্সের মালিক স্বপন ঘোষালের ভাষ্য, তাঁর দোকানের মালামাল বেশি খোয়া গেছে। তিনি এ সময় কান্নায় ভেঙে পড়েন।
চুড়াইন বাজার কমিটির সভাপতি আনোয়ার মোড়ল বলেন, ডাকাতরা দোকানের কর্মচারী ও বাজারের প্রহরীদের জিম্মি করে ডাকাতি করেছে। পরে তারা পাশের শ্রীনগর থানা এলাকার মদনখালী হয়ে আড়িয়ল বিলের দিকে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে।