নবাবগঞ্জে হত্যার চেষ্টা ও গণপিটুনিতে নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার পানালিয়ায় একটি বসতবাড়িতে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা এবং ওই ঘটনার জের ধরে গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই গ্রামে বাড়িতে ঢুকে সন্ত্রাসীরা খলিলুর রহমান ও তাঁর স্ত্রী রহিমা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর তাঁদের ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। পরের দিন শুক্রবার ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন আবদুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই মো. বাবুল ইসলাম বাদী হয়ে ওই দিন রাতে ১০ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ওই রাতেই মামলার আসামি কালু মিয়াকে গ্রেপ্তার করেছে। এদিকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন খলিলুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে নিহত সালামসহ ছয়-সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন।