নবাবগঞ্জে ১৩ কোটি টাকার আমনষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে দুটি ইটভাটার ধোঁয়া ও তাপে এ বছর ২০০ হেক্টর আমবাগানের ৬৫ হাজার মণ আম নষ্ট হয়ে গেছে। ওই আমের বাজারদর প্রায় ১৩ কোটি টাকা বলে চাষিরা জানিয়েছেন।

ইটভাটার মালিকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও ভাটা বন্ধের দাবিতে ক্ষতিগ্রস্ত আমচাষিরা ১৫ মে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

নবাবগঞ্জ কৃষি কার্যালয় ও আমচাষিরা জানান, উপজেলায় ৪৯৫ হেক্টর জমিতে ৪৫০টি বাণিজ্যিক আমবাগান রয়েছে। এ ছাড়া বসতবাড়িতে প্রায় ৫০ হেক্টর জমিতে আমগাছ রয়েছে। উপজেলায় প্রতি হেক্টরে আমের উৎপাদন হয় ৩০০ থেকে ৩৫০ মণ। প্রতি হেক্টরে গড়ে ৩২৫ মণ আম ধরলে ২০০ হেক্টরে নষ্ট হয়ে গেছে ৬৫ হাজার মণ আম। প্রতি মণ আমের বাজারদর দুই হাজার টাকা ধরলে ওই পরিমাণ আমের দাম হয় ১৩ কোটি টাকা। উপজেলায় প্রতিবছর ৩০-৩৫ কোটি টাকার আম বিক্রি হয় বলে আমচাষি ও ব্যবসায়ীরা জানিয়েছেন।

উপজেলার মামুদপুর ইউনিয়নেই প্রায় ২৫০ হেক্টর জমিতে আমবাগান রয়েছে। ১৫ মে সরেজমিনে ওই ইউনিয়নের চকদেয়ানত এলাকায় দেখা গেছে, দাউদপুর-ভাদুরিয়া সড়কের উত্তর পাশে পাশাপাশি এমএমবি ও এমআরটি নামে দুটি ইটভাটা গড়ে উঠেছে। ভাটাগুলোর ১০ থেকে ২০ গজের মধ্যেই চারপাশে রয়েছে আমের বাগান। পাশের হেয়াতপুর, চকজোনিদ, হোলাইজোনা গ্রামে গেলে বাগানমালিক ফজলুল করিম, একরামুল হকসহ প্রায় ২০ জন আমচাষি অভিযোগ করেন, ইটভাটা দুটির বিষাক্ত ধোঁয়া ও গ্যাসের তাপে আমগুলো পচে গেছে। তাঁদের বাগানে আমের উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।

আম ব্যবসায়ীরা জানান, আর ১০-১৫ দিন পরই তাঁরা আমগুলো গাছ থেকে পেড়ে বিক্রি করতেন। এই মুহূর্তে বাগানের সব আম পচে যাওয়ায় তাঁদের পথে বসতে হবে। এসব বাগানের আম গড়ে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়।

নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আখেরুর রহমান জানান, ওই এলাকার বাগানের আম ইটভাটার ধোঁয়া ও গ্যাসের কারণে পচে গেছে, না অন্য কোনো কারণে পচেছে, তা রাসায়নিক পরীক্ষা না করে বলা সম্ভব নয়।

দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক বিকাশ চন্দ্র প্রথম আলোকে জানান, আম চাষের জন্য ঠান্ডা ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন। ইটভাটার ধোঁয়া ও গ্যাসের তাপের কারণে পরিবেশ গরম হয়। এতে গাছের পরাগায়নে সমস্যা হয়। এ ছাড়া ইটভাটার ধোঁয়া ও তাপে বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ছাই থাকে। এগুলো গাছের সালোক-সংশ্লেষণে বাধা দেয়। ফলে গাছের মুকুল ঝরে পড়ে, বিভিন্ন রোগ দেখা দেয়।

চকজোনিদ এলাকার এমএমবি ইটভাটার মালিক সুলতান সালাউদ্দিন বলেন, ‘আমার ইটভাটার চিমনি ১২২ ফুট উঁচু। বাগানের আমগুলো আমার ইটভাটার ধোঁয়ায় নয়, সম্ভবত পাশের এমআরটি ইটভাটার গ্যাসে পচে গেছে।’

এমআরটি ইটভাটার মালিক রহিম বাদশা জানান, তাঁদের ইটভাটা পরিবেশ অধিদপ্তর থেকে অনুমতি (লাইসেন্স) পাওয়া আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা (চিমনি ৫৫-৬৫ ফুট উঁচু)। আম নষ্ট হওয়ার জন্য তিনিও পাশের ইটভাটাকে দায়ী করেন।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোলায়মান হায়দার প্রথম আলোকে বলেন, ফসল ও ফলের জন্য সহনশীল তাপমাত্রা ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ইটভাটাগুলো থেকে ৫০০-৮০০ ডিগ্রি সেলসিয়াস উত্তাপ ছেড়ে দেওয়া হয়।