সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকীতে নবাবগঞ্জ উপজেলা বিএনপির দুটি পক্ষ পৃথক কর্মসূচি পালন করেছে। উপজেলার বাগমারা কোর্ট ভবন চত্বরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিএনপির একটি পক্ষ শোভাযাত্রা বের করলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমাবেশ করার জন্য বাগমারা কোর্ট ভবনের চত্বর ব্যবহারের অনুমতি চান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আবু আশফাক ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান পক্ষের নেতা-কর্মীরা। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। কিন্তু গতকাল বেলা ১১টার দিকে খন্দকার আবু আশফাক পক্ষের নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা নিয়ে কোর্ট ভবন চত্বরের ১৪৪ ধারা জারি করা স্থানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে নেতা-কর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে পথসভা করেন। এ পথসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খান, সহসভাপতি আবদুল ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, যুবদলের সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।এদিকে বাগমারা কোর্ট ভবন চত্বরে সমাবেশ করতে না পেরে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান পক্ষের নেতা-কর্মীরা পুলিশি পাহারায় শুরগঞ্জ এলাকায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে বলে জানিয়েছে পুলিশ।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাগমারা কোর্ট ভবন চত্বর ও শুরগঞ্জে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।