নবাবগঞ্জে ১৭২০ শিক্ষার্থী নতুন বই পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৭২০ জন শিক্ষার্থী এখনো নতুন সব বই পায়নি। প্রয়োজনের তুলনায় কম বইয়ের চাহিদা পাঠানোয় এ সমস্যার সৃষ্টি হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর এক হাজার ৪২০ জন শিক্ষার্থী সব বিষয়ের এবং নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ৩০০ জন শিক্ষার্থী পদার্থ, রাসায়ন ও জীববিদ্যার বই পায়নি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক জানান, ২০১২ সালে এ উপজেলার চার হাজার ৭০০ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে সাড়ে চার হাজার শিক্ষার্থী পাস করে। কিন্তু ওই সময় দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ষষ্ঠ শ্রেণীর জন্য তিন হাজার ৬০০ সেট বইয়ের চাহিদা পাঠান। কর্তৃপক্ষ তিন হাজার ৮০ সেট বই পাঠিয়েছে। এতে মোট এক হাজার ৪২০ সেট বই কম পড়েছে। তিনি আরও জানান, বইয়ের চাহিদা কম পাঠানো প্রসঙ্গে সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে জানান, ওই সময় বইয়ের চাহিদা চাইলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকেরা তা দেননি। তাই তিনি অনুমান করে বইয়ের চাহিদা পাঠানো হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকেরা জানান, সাবেক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তাঁদের কাছে কোনো চাহিদাই চাননি। জহুরুল হক জানান, প্রয়োজনীয় বই চেয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন। যেসব শিক্ষার্থী বই পায়নি, শিগগির তাদের হাতে বই তুলে দেওয়া হবে।