নবাবগঞ্জে ২ জনকে পিটিয়ে জখম
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড থেকে এন মল্লিক পরিবহন কাউন্টার তুলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন পরিবহনের মালিক নার্গিস মল্লিক। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে মালিকপক্ষের দুজনকে পিটিয়ে জখম করেছে। গতকাল সোমবার দুপুরে বান্দুরা বাসস্ট্যান্ডে মোক্তারের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী এ হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা দুইটার দিকে উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাস এন মল্লিক পরিবহনের মালিক নার্গিস মল্লিক কাউন্টারের দায়িত্বে থাকা মোক্তারের কাছে তাঁর গাড়ির আয়-ব্যয়ের হিসাব চান। এ সময় মোক্তারের সন্ত্রাসী বাহিনী বাসস্ট্যান্ডে থাকা কাউন্টার উঠিয়ে দেবে বলে নার্গিস মল্লিককে হুমকি প্রদর্শন করে। এ সময় নার্গিস মল্লিক মোক্তারের কাছে সন্ত্রাসীদের বিচার চেয়ে চলে যান। কিছুক্ষণ পরে অতর্কিতে সন্ত্রাসীরা মালিকপক্ষের ফারুক ও ফইমদ্দিনকে হাতুরি দিয়ে পেটানো শুরু করলে তাঁদের চিৎকারে স্ট্যান্ডের লোকজন চলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।