নবাবগঞ্জে ৩০টি বাড়িতে তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের পলিমির্জাপুর গ্রামের ৩০ জনের বাড়িতে তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ওই সংযোগ দেওয়া হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক ওই তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুর রাজ্জাক বলেন, ঘুষ গ্রহণের সুযোগ ও দালালদের দৌরাত্ম৵ প্রতিরোধ করে হয়রানি কমিয়ে জনসাধারণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঘরে ঘরে গিয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ প্রদান কার্যক্রম শুরু করেছে। তিনি আরও জানান, এ কার্যক্রমের আওতায় বিদ্যুৎ-সংযোগ নিতে আগ্রহী কোনো ব্যক্তি আবেদনের পর আবেদনকারীর বাড়িতে গিয়ে তাৎক্ষণিকভাবে মিটার বাবদ ৬৫০ টাকা নিয়ে মিটার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে।
পলিমির্জাপুর গ্রামের সায়েম সবুজ, সাজেদুল ও মোজাফফর রহমান বলেন, তাঁদের অনেক আত্মীয়স্বজন ও প্রতিবেশী বিদ্যুৎ-সংযোগের জন্য আবেদন করে চার-পাঁচ বছর পর বিদ্যুৎ পেয়েছেন। টাকাও দিতে হয়েছে ৮ থেকে ১০ হাজারের মতো। সেখানে তাঁরা কেউ এক মাস আগে, কেউ ১০ দিন আগে আবেদন করে এরই মধ্যে বিদ্যুৎ পেয়ে গেছেন। শুধুমাত্র মিটারের জন্য সাড়ে ছয়শ করে টাকা দিতে হয়েছে প্রত্যেককে। ঘটনাটি তাঁদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে বলে উচ্ছ্বাস প্রকাশ করে গ্রামবাসী।