নবাবগঞ্জের অর্ধেক প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধেক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকটে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
নবাবগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মতিনুর রহমান জানান, শ্রেণীকক্ষের সংকটের কারণে এ উপজেলায় প্রাথমিক শিক্ষকদের চরম হয়রানি হতে হচ্ছে। এ কারণে প্রাথমিক শিক্ষায় এ উপজেলায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।
নবাবগঞ্জ প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৮টি (এর মধ্যে সদ্য সরকারি হওয়া বিদ্যালয়গুলো নেই) এবং শিক্ষার্থী সংখ্যা ১২ হাজার ৩০৪। এই ৬৮টি বিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানেরই শ্রেণীকক্ষ মাত্র তিনটি করে।
শিক্ষকেরা জানান, ২০১১ সাল থেকে প্রাথমিক পর্যায়ে প্রাক্-প্রাথমিক নামের নতুন একটি ক্লাস চালু হওয়ায় মোট ছয়টি শ্রেণীর ক্লাস নিতে হয়। সকাল সাড়ে নয়টায় ক্লাস শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। মাঝে দুপুরে ৩০ মিনিট বিরতি। প্রতিদিন প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস তিনটি এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস ছয়টি। প্রতিটি ক্লাস ৪৫ মিনিট করে। সেই হিসাবে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর ক্লাস চলে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। পরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছয়টি ক্লাসের জন্য সময় প্রয়োজন সাড়ে চার ঘণ্টা। কিন্তু দুপুরের বিরতি বাদ দিলেও সময় হাতে থাকে তিন ঘণ্টা ৩০ মিনিট। এ ছাড়া সপ্তাহে দুই দিন চারুকারু ও শারীরিক শিক্ষার ক্লাস নিতে হয়। তিনটি কক্ষ থাকায় শিক্ষার্থীদের পুরোপুরি ক্লাস নিতে তাঁদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সুষ্ঠুভাবে ক্লাস নিতে হলে কমপক্ষে পাঁচটি করে কক্ষ থাকা প্রয়োজন বলে শিক্ষকেরা জানান।
উপজেলার বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান জানান, শ্রেণীকক্ষের অভাবে পাশাপাশি বেশির ভাগ সময় কোনো না-কোনো শিক্ষক প্রশিক্ষণে থাকেন। এ দুটি কারণে শিক্ষার্থীদের ঠিকমতো পাঠদানে হিমশিম খেতে হয়।
হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম জানান, শ্রেণীকক্ষ না থাকায় গ্রামের অনেক অভিভাবক তাঁর সন্তানকে এ বিদ্যালয়ে ভর্তি না করিয়ে দূরের বিদ্যালয়ে ভর্তি করান। এতে দিন দিন তাঁর বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাচ্ছে বলে তিনি জানান। আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেনাজুল হায়দার জানান, পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় শিক্ষকদের অতিরিক্ত সময় ক্লাস নিতে ও ভোগান্তি পোহাতে হচ্ছে।