নবাবগঞ্জের ৯টি গ্রামের মানুষ ডাকাত-আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে দেলু বাহিনীর প্রধান ডাকাত দেলোয়ার (৩৫) গণপিটুনিতে নিহত হওয়ার পর থেকে ডাকাতেরা গ্রামের লোকজনকে মুঠোফোনে প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে। এতে আতঙ্কে আছেন উপজেলার নয়টি গ্রামের লোকজন।স্থানীয়রা বলেন, ডাকাতের দল মুঠোফোনে দেলোয়ারের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে। এতে বাইশনল, পশ্চিম পাতিলঝাপ, পাতিলঝাপ, শোলানগর, সিংহড়া, আইকবাড়ী, পারাশুড়া, চকোরিয়া ও স্নানঘাটা গ্রামের ১০ হাজারের বেশি মানুষ আতঙ্কে আছেন। গ্রামবাসী আত্মরক্ষার্থে রাত জেগে পাহারা দিচ্ছে।স্থানীয় শোল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক বলেন, ডাকাতেরা গ্রামবাসীর মুঠোফোনে প্রতিশোধ নেওয়ার হুমকি দিচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী আতঙ্কে আছে। গ্রামবাসীর সঙ্গে তিনি নিজেও রাত জেগে পাহারা দিচ্ছেন। তিনি বলেন, গত রোববার রাতে গ্রামবাসীর ওপর দেলু বাহিনীর লোকজনের হামলার চেষ্টা জনতা ও পুলিশ ব্যর্থ করে দেয়। নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজিজুর রহমান বলেন, এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে পুলিশ তাদের সহযোগিতা করছে।