নবাবজাদার সঙ্গে ইফতার করে আপ্লুত এতিমখানার বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যখন অন্য কাউকে বাসায় মা-বাবার সঙ্গে ইফতার করতে দেখি তখন মনে হয়, যদি আমারও বাবা-মা থাকত! একসঙ্গে ইফতার করতে পারতাম! কত ভালো লাগত! কিন্তু এখানে সবাই আমরা একই রকম। কারও বাবা-মা কেউ-ই নেই। আবার কারও শুধু মা আছেন।’কথাটা রাজধানীর আজিমপুরে অবস্থিত স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী জুয়েল রানার। ছেলে ও মেয়ে নিয়ে মোট ৩০০ শিক্ষার্থী রয়েছে এখানে।জুয়েল ও তার মতো একদল দুঃখী ছেলেমেয়ের জন্য গতকাল রোববার ছিল খুব আনন্দের একটি দিন। ঢাকার নবাবের বংশধর খাজা জাকী আহসানউল্লাহ তাদের সঙ্গে ইফতার করেছেন এ দিন। সলিমুল্লাহ এতিমখানার সভাপতি খাজা জাকী আহসানউল্লাহ। তিনি খাজা আহসানউল্লাহর ছোট ছেলে। আর খাজা আহসানউল্লাহ হচ্ছেন ঢাকার সর্বশেষ নবাব স্যার সলিমুল্লাহর ছেলে।জুয়েল বলছিল, ‘আমরা সবাই যখন একসঙ্গে বসে ইফতার করি, তখন আবার ভালোই লাগে। বাবা-মায়ের কথাও ভুলে যাই।... যখন ঢাকার নবাবের সঙ্গে ইফতার করি, তখনকার আনন্দ তো সবই ভুলিয়ে দেয়। কী যে ভালো লাগে!’এখনো ‘নবাবজাদা’ হিসেবে শ্রদ্ধেয় একজন মানুষ ইফতারে শরিক হলে জুয়েলদের আনন্দটা সত্যিই নতুন মাত্রা পায়। কথা বলে বোঝা গেল, নবাবজাদা শুধু কাগজে-কলমে সভাপতি নন, এই এতিমদের একজন প্রকৃত অভিভাবকও।একই রকম অনুভূতি জুয়েলেরই ক্লাসের খলিলুর রহমান ও মোহাম্মদ সোহেল রানা এবং তিতুমীর কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রিপনের। কলেজ শিক্ষার্থী রিপন জানালেন, আজ থেকে ১৪ বছর আগে তাঁর নানি তাঁকে এই এতিমখানায় দিয়ে গেছেন। মা অসুস্থ। বহু দিন আগে মৃত বাবার কোনো স্মৃতিই মনে পড়ে না রিপনের। এতিমখানার বাসিন্দাদের আক্ষেপটা বোঝেন নবাবজাদা খাজা জাকী আহসানউল্লাহ। সেটা দূর করতেও সচেষ্ট থাকেন তিনি।প্রথম আলোকে জাকী আহসানউল্লাহ বলেন, এই ছেলেমেয়েরা যাতে নিজেদের এতিম মনে না করে, যাতে আক্ষেপ ও দুঃখ-কষ্ট নিয়ে বেড়ে না ওঠে, সে লক্ষ্যে একটি পরিকল্পনা রয়েছে। এতিমখানার সভাপতি বলেন, ‘এ জন্য এই এতিমখানাটি যুগোপযোগী করতে হবে। এর আধুনিকায়ন প্রয়োজন। অন্যদিকে হাসি-আনন্দের ব্যবস্থা আরও বাড়ানো হবে।’ তিনি বলেন, ‘মা-বাবা না থাকার আক্ষেপ যাতে না হয় এ জন্য প্রতিষ্ঠানের নাম থেকে এতিমখানা শব্দটি বাদ দেওয়ার কথাও ভাবছি।’ নিয়মিত এতিমখানার শিশু ও শিক্ষার্থীদের থাকা-খাওয়া এবং পড়াশোনার খোঁজখবর নেন সভাপতি। এতিমখানার একটি পরিচালনা কমিটি আছে। এই কমিটিই প্রতিষ্ঠানটি চালায়।কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বললেন, সভাপতি খাজা জাকী আহসানউল্লাহ প্রতিবছর রোজায় এক দিন এতিমখানার সবার সঙ্গে ইফতার করেন। গতকাল এতিমখানার মাঠে সবুজ ঘাসের ওপর চাদর বিছিয়ে ইফতারের আয়োজন করা হয়। ইফতার ও নামাজের পর সবার সঙ্গে কুশল বিনিময় করেন নবাবজাদা।