নবাবপুর রোডে বহুমুখী যানজট
রাস্তাটি একমুখী যান চলাচলের। কিন্তু যানবাহন চলছে দুদিক থেকে। এর ভেতরে আছে ছোট ছোট গলি। এ কারণে অবধারিত যানজট। রাজধানীর নবাবপুর সড়কের এ দৃশ্য অনেক দিনের। তবে যানজট নিয়ে নবাবপুর সড়কে এখন আর কেউ কথা বলেন না। যেন সবকিছুই তাদের চোখ সওয়া।
নবাবপুর সড়কের ব্যবসায়ী ও বাসিন্দারা বলেন, এখানে যার যেমন ইচ্ছে দোকানঘরের বাইরে মালামাল রাখে। ভ্যানচালকেরা সোজা বা বাঁকা যেভাবেই পারেন রাস্তার ওপরই ভ্যান রাখেন। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে মার্কেট বা টাওয়ারের সামনের রাস্তা মালিকপক্ষের উদ্যোগে পাকা করে নেওয়া। রাস্তা আর বাসার সংযোগপথ একাকার করে ফেলা হয়েছে।
গতকাল দুপুরে নবাবপুর রোড এলাকা ঘুরে দেখা যায়, ঠাটারীবাজার ঢোকার মুখে নবাবপুর রোডে সবচেয়ে বেশি যানজট। কারণ, নবাবপুর রোডের দুই প্রান্ত থেকে আসা যানবাহনের সঙ্গে এখানে যুক্ত হয় ঠাটারীবাজারের দিক থেকে আসা যানবাহন। একজন কমিউনিটি পুলিশকে দেখা গেল ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। ত্রিমুখী যান নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। এর মধ্যেই জনসন রোড প্রান্ত থেকে উল্টো পথে আসা তিনটি মোটরসাইকেলকে আটকে দেন। এ সময় এক যুবক বলেন, নর্থ সাউথ রোড, ধোলাইখাল রোডে পুরো যানজট। এ পথে যাওয়া ছাড়া উপায় নেই। সব শুনে ছেড়ে দেয় পুলিশ।
খানিকটা পূর্বে রূপালী ব্যাংকের সামনে একটি ময়লাবাহী কনটেইনার জায়গা দখল করে আছে। সেখানে হার্ডওয়্যার, ইলেকট্রিক সামগ্রীর দোকানগুলোর বাইরে রাস্তায়ও মালামাল। একটি হার্ডওয়্যার দোকানের সামনে রাস্তায় রাখা অ্যালুমিনিয়ামের মই নিয়ে দর-কষাকষি করছিলেন এক ক্রেতা। কর্মচারীটি বললেন, দোকানের ভাড়া অনেক, দাম কমালে পোষাবে না। ক্রেতা বললেন, ব্যবসা করছেন তো দোকানঘরের বাইরে সরকারি রাস্তায়। কর্মচারী বললেন, সরকারি রাস্তায় সবার অধিকার আছে।
পাশের এক দোকানি এগিয়ে এসে ওই ক্রেতাকে সামনের একটি নতুন ছয়তলা বিপণিবিতান দেখিয়ে বললেন, ‘দ্যাখেন, বিল্ডিংয়ের বাইরে রাস্তার মধ্যে নিজেদের সীমানা দিয়েছে। এখানে অন্য কারও গাড়ি চলাচল বা পণ্য রাখা যাবে না। এদের কেউ দ্যাখে না, আমরা সামান্য রাস্তা ব্যবহার করলেই দোষ।’
দেখা গেল, আসলেই বিপণিবিতানের সামনে থেকে রাস্তা পর্যন্ত পাকা করা হয়েছে। মালিকপক্ষের কাউকে ওই ভবনে পাওয়া গেল না। প্রহরীর কাছে জানতে চাইলে বললেন, গাড়ি যাতায়াতের সুবিধার্থে এটা করা হয়েছে।
পশ্চিম দিকে নবাবপুর রোডের শুরু যেখান থেকে, সেখানে দেখা গেল এলোমেলো দাঁড়িয়ে আছে যাত্রীবাহী বাস। সেগুলোর জন্য গুলিস্তানের দিক থেকে শুরু করে নবাবপুর রোডের অনেকখানি রাস্তাজুড়ে যানজট। কাপ্তানবাজার থেকে কোনো যানবাহন বেরোতে পারছে না।
জনসন রোড প্রান্তেও একই অবস্থা। সেখানে ইংলিশ রোড থেকে রথখোলা হয়ে এবং ধোলাইখাল এলাকা থেকে সরাসরি বিভিন্ন যানবাহন নবাবপুর রোডে ঢোকে।
নবাবপুর রোডে অব্যবস্থাপনার বিষয়টি জানালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্পত্তি বিভাগের কর্মকর্তা শামসুল আলম বলেন, বিষয়টি বহুদিনের। করপোরেশন বিভিন্ন এলাকায় যানজটের কারণগুলো চিহ্নিত করে অভিযান পরিচালনা করছে। গুলিস্তানেও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। নবাবপুর রোডের বিষয়ে একটি কমিটি কাজ করছে।