নবাবপুর রোডে গুদামে আগুন
পুরান ঢাকার নবাবপুর রোডে গতকাল শনিবার রাতে বয়লার ও হার্ডওয়্যার সামগ্রীর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছয়তলা ভবনের পাঁচতলায় ছিল গুদামটি। ওপরে ছিল মেস। আগুনে গুদামটি পুড়ে গেছে।
তবে মেস থাকায় সেখানে কেউ আটকে পড়েছে কি না, তা নিয়ে শঙ্কা ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন জানান, সবাইকে নিরাপদে নামানো হয়েছে। যদিও ওই মেসে থাকা একজনের মুঠোফোন বন্ধ থাকায় এক স্বজনকে আহাজারি করতে দেখা যায়। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সরেজমিনে জানা যায়, রাত পৌনে নয়টার দিকে নবাবপুর রোডের ওই ভবনের পাঁচতলায় হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
খদ্দের কুটির নামে ছয়তলা ওই ভবনের নিচতলায় বেশ কয়েকটি দোকান আছে। দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত বিভিন্ন দোকানদারের গুদাম রয়েছে। পাঁচতলার গুদামটিতে বয়লার ও হার্ডওয়্যার সামগ্রী ছিল। সেখানে দাহ্য কোনো পদার্থ ছিল বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান জানান, বিদ্যুৎ না থাকলেও কেউ মোমবাতি জ্বালিয়ে ভেতরে হয়তো কাজ করছিল। আগুন দাহ্য পদার্থের সংস্পর্শে এসে এ দুর্ঘটনা ঘটতে পারে।