নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বিদ্যুতের সিস্টেম লস হ্রাস এবং তেলের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে পদক্ষেপ নিতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে বিদ্যুৎমেলা ও জাতীয় বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, ‘আমাদের অবশ্যই অবৈধ বিদ্যুৎ ব্যবহারের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।’ খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াটে এবং ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াটে বৃদ্ধি করতে হবে। বিদ্যুতের গুরুত্ব বিবেচনা করে সরকার এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। ইতিমধ্যে এ খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যে একটি নবায়নযোগ্য জ্বালানি নীতি অনুমোদন করেছে এবং সম্প্রতি ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং একই মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. তাজুল ইসলামও বক্তৃতা করেন।
বিদ্যুৎমেলা উদ্বোধনের পর রাষ্ট্রপতি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।