নবায়ন ফি দিয়েছে চার অপারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের (টু-জি) লাইসেন্স নবায়ন ফি জমা দিয়েছে চার মুঠোফোন কোম্পানি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশ অনুযায়ী উৎসে কর কেটে রেখে বাকি টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়েছে তারা।গতকাল সোমবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে হাজির হয়ে নিজ নিজ কোম্পানির পক্ষে লাইসেন্স নবায়ন ফি জমা দেন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। বিটিআরসির পূর্বনির্ধারিত সময়েই লাইসেন্স নবায়ন ফি জমা দিল তারা। বিটিআরসির পক্ষে অর্থ ও হিসাব পরিচালক আশীষ কুমার কুণ্ড অপারেটরদের টাকা বুঝে নিয়েছেন।তবে এনবিআর টাকা কেটে রাখার বিষয়ে ভিন্ন মত পোষণ করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিটিআরসি যা নির্ধারণ করে দিয়েছে, তা-ই দিতে হবে। তা থেকে কোনো ‘ভ্যাট কর্তন বা বিয়োজন’ করা যাবে না।কিন্তু অপারেটররা উৎসে কর কেটে রেখে বাকি টাকা নিয়ে এসেছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অপারেটরদের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তবেই এ টাকা আমরা রেখেছি।’ তিনি জানান, যাচাই-বাছাই শেষে বিটিআরসির পাওনা টাকা বাড়তি সময় অর্থাৎ সাত দিনের মধ্যে দিয়ে যাবে—এ মর্মে একটি অঙ্গীকারনামায় সব কোম্পানির প্রতিনিধিরা সই করেছেন।গ্রামীণফোন অবশ্য লাইসেন্স নবায়ন ফি ১০ কোটি টাকাসহ স্পেকট্রাম ফির প্রথম কিস্তির মোট এক হাজার ৩৫৮ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকা জমা দিয়েছে। গ্রামীণফোনের পক্ষে টাকা জমা দিয়েছেন রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তাইমুর রহমান ও স্টেক হোল্ডার রিলেশন বিভাগের মহাপরিচালক (জিএম) মামুন হাশমী। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন জানায়, তাদের জমা দেওয়া এই অর্থ কোনো বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক এক দিনে সরকারকে প্রদান করা অর্থের মধ্যে সর্বোচ্চ। এমসিএফ ও ভ্যাট-বিষয়ক হাইকোর্টের আদেশের আলোকে ফি জমা দিয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।২০০৮ সালে কেনা ৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গের ওপর ধার্য করা মার্কেট কম্পিটিশন ফ্যাক্টর (এমসিএফ) ফি ২৩৬ কোটি ৮০ লাখ টাকা নিয়ে আদালতে লড়ছে গ্রামীণফোন।স্পেকট্রাম মূল্যের বাকি ৫১ শতাংশ দিতে হবে আরও তিন কিস্তিতে। প্রতি কিস্তিতে ১৭ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে। পরের তিন কিস্তির টাকা পরিশোধের তারিখ ২০১২ সালের ১৩ এপ্রিল ও ১০ অক্টোবর এবং ২০১৩ সালের ৮ এপ্রিল।বাংলালিংক শুধু লাইসেন্স নবায়ন ফি ১০ কোটি টাকার ৮৫ শতাংশ সাড়ে আট কোটি টাকা জমা দিয়েছে। রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মারসিদ রহমান জানান, টাকা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সাত দিন মঞ্জুর করে বিটিআরসি সোমবার সকালে একটি চিঠি পাঠিয়েছে। তাই স্পেকট্রাম ফির টাকা পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ।একইভাবে সিটিসেল ও রবি লাইসেন্স নবায়ন ফির ৮৫ শতাংশ সাড়ে আট কোটি টাকা করে জমা দিয়েছে। রবির পক্ষে যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর ও লিগ্যাল বিভাগের প্রধান শাহেদুল আলম এবং সিটিসেলের পক্ষে টাকা জমা দিয়েছেন করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শরীফ শাহ জামাল।