নবায়নযোগ্য জ্বালানি মেলা শুরু হচ্ছে বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে আগামী বুধবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘জাতীয় নবায়ন–যোগ্য জ্বালানি মেলা-২০১৬’। বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই মেলার ঘোষণা দেন শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক। তিনি বলেন, বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি সৌরবিদ্যুৎ উৎপাদনের উপযোগী। সৌরশক্তি কাজে লাগিয়ে সরকার বিদ্যুৎ উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। অধ্যাপক সাইফুল বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় গ্রিডে মোট বিদ্যুতের ১০ শতাংশ সৌরবিদ্যুৎ যোগ করতে হলে এখনই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ জানুয়ারি শুরু হতে যাওয়া এ মেলায় সেমিনার ও প্রদর্শনী হবে। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।