নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্বালানিবিষয়ক উপ সহকারী মন্ত্রী রবার্ট এফ আইকর্ড বলেছেন, বাংলাদেশে ২০২১ সালের মধ্যে সবাইকে বিদ্যুৎ পৌঁছে দিতে হলে প্রচলিত জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উত্পাদনের ওপর জোর দিতে হবে। তাঁর মতে, এ সময়ের মধ্যেই বাংলাদেশ সচেষ্ট হলে প্রায় ৫০০ মেগাওয়াট সৌর ও বায়ুভিত্তিক বিদ্যুৎ উত্পাদন করতে পারবে।
রবার্ট আইকর্ড গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আমেরিকান ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ‘সাসটেইনবল এনার্জি’ বিষয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন। তিনি বলেন, নবায়নযোগ্য বিদ্যুতের পরিমাণ বাড়ানো গেলে পরিবেশ রক্ষায়ও বড় ভূমিকা রাখা সম্ভব। এতে দূষণ কমবে। একসঙ্গে অনেক সোলার পয়েন্ট ব্যবহার করে গ্রিডেও নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। জ্বালানি সাশ্রয়ের জন্য তিনি বিদ্যুৎসাশ্রয়ী এলইডি বাল্ব ব্যবহারসহ কিছু পরামর্শ দেন।
নবায়নযোগ্য বিদ্যুৎ উত্পাদনের ক্ষেত্রে ইডকল ও গ্রামীণ শক্তির প্রশংসা করেন এই মার্কিন উপ সহকারী মন্ত্রী।
রবার্ট আইকর্ড বলেন, বাংলাদেশের বিদ্যুৎ উত্পাদন মূলত গ্যাস ও জ্বালানি তেলনির্ভর। এখানে দীর্ঘমেয়ািদ চাহিদা মেটাতে গ্যাসের ওপরই নির্ভর করতে হবে। তবে এ জন্য গভীর সমুদ্রে অনুসন্ধান জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, কয়লা ব্যবহার নিয়ে এদেশে বিরূপ প্রতিক্রিয়া রয়েছে৷ তবে কম বর্জ্য তৈরি করে এমন কয়লা ব্যবহার করেও বিদ্যুৎ উত্পাদন করা যায়। কয়লা দিয়ে বিদ্যুৎ উত্পাদনের ক্ষেত্রে উন্নততর প্রযুক্তি ব্যবহার করেও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে নিরুত্সাহিত করে রবার্ট আইকর্ড বলেন, এটি বিশাল ব্যয়সাপেক্ষ এবং বাংলাদেশের জন্য উপযোগী নয়।
বাংলাদেশ সরকারের বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে প্রশংসা করে রবার্ট বলেন, এর ফলে উত্পাদন ব্যয় কমবে। সহজে বিনিয়োগ উঠে আসবে। ভর্তুকি কমানো সম্ভব হবে৷