নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে চাই টেকসই প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় নবায়নযোগ্য শক্তিকে (বিদ্যুৎ ও জ্বালানি) নির্ভরযোগ্য বিকল্প হিসেবে গড়ে তুলতে এর প্রযুক্তিগত উন্নয়নের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে, যাতে করে তা স্বল্প খরচে মানুষের কাছে পেঁৗছানো সম্ভব হয় এবং একই সঙ্গে আরও টেকসই ও পরিবেশবান্ধব হয়ে ওঠে।
গত বৃহস্পতিবার বিকেলে নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের (আইসিডিআরইটি-২০১৪) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) আয়োজনে তিন দিনের এ সম্মেলন চলবে আজ ৩১ মে পর্যন্ত, যার কয়েকটি টেকনিক্যাল সেশনে বাংলাদেশসহ ১০টি দেশের বিশেষজ্ঞদের ৯২টি প্রবন্ধ উপস্থাপন এবং সেগুলোর ওপর আলোচনা করা হবে।
ধানমন্ডির ইউআইইউ ভবনে আয়োজিত এ সম্মেলনের সহযোগী আয়োজক হিসেবে আছে একাধিক বিদেশি বিশ্ববিদ্যালয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল), জার্মান সাহায্য সংস্থা জিআইজেডসহ আরও কয়েকটি দেশি-বিদেশি প্রতিষ্ঠান।