নবায়নযোগ্য জ্বালানি আগামী দিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি ও গ্রিন এনার্জি আগামী দিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার সহযোগিতা করছে। কৃষিভিত্তিক অর্থনীতি হওয়ায় বাংলাদেশে বড় আকারের সোলার বিদ্যুৎ কেন্দ্র সেভাবে না করা গেলেও ভবনের ছাদে সৌরবিদ্যুৎ, বায়ু ও বর্জ্য নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনার্জি, গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ ও সোলার এনার্জি সোসাইটি এর যৌথ উদ্যোগে '২০তম জাতীয় নবায়ন যোগ্য শক্তি' শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে সমাপনী দিনের প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। দুই দিন ব্যাপী এই অনলাইন সম্মেলনটি গত বুধবার শুরু হয়েছিল।
নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ চালিত যানবাহনের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। জ্বালানি হিসেবে তেল ইঞ্জিনের চেয়ে ইলেকট্রিক ইঞ্জিনের দক্ষতা অনেক বেশি। তাই বিদ্যুৎ চালিত যান ব্যবহার করা লাভজনক। এটি গ্রিন এনার্জি।
অনলাইন এই সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারউজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম সাইফুল মজিদ, ফোরাম ফর এনার্জি রিপোর্টাসের বাংলাদেশের চেয়ারম্যান অরুণ কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক, গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. লুৎফর রহমান।