নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের অনেক সম্ভাবনা বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন এবং এর ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা অনেক। এ সম্ভাবনাকে কাজে লাগানোর অঙ্গীকারও বাংলাদেশের আছে। পাশাপাশি জ্বালানির দক্ষ ব্যবহারের বিষয়টি এ দেশে ক্রমেই অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ মূল্যায়ন মার্কিন পররাষ্ট্র দপ্তরের অধীনে নতুন প্রতিষ্ঠিত জ্বালানি সম্পদ ব্যুরোর দায়িত্বে নিয়োজিত উপসহকারী মন্ত্রী রবার্ট এফ আইকর্ড জুনিয়রের। গতকাল বুধবার সকালে ঢাকার আমেরিকান সেন্টারে প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।রবার্ট এফ আইকর্ড গত বছর জাতিসংঘ ঘোষিত ‘২০৩০ সালের মধ্যে সবার জন্য টেকসই জ্বালানি’র অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ সফরে এসেছেন বলে জানানো হয়েছে। জাতিসংঘের ওই উদ্যোগের সঙ্গে এখন পর্যন্ত বাংলাদেশসহ ৭১টি দেশ একাত্ম হয়েছে। সাক্ষাৎকার গ্রহণের সময় বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, আমেরিকান সেন্টারের পরিচালক ভিরাজ এম লাবেইলি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মার্কিন উপসহকারী মন্ত্রী বলেন, সবার জন্য টেকসই জ্বালানির এ উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘ ও বিশ্বব্যাংকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আরও অনেক আঞ্চলিক ব্যাংক, বেসরকারি সংস্থা (এনজিও) এবং কোম্পানিও এ কাজে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছে। আইকর্ড জানান, ‘সবার জন্য টেকসই জ্বালানি’ উদ্যোগের লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বর্তমানের তুলনায় দ্বিগুণ করা। এ লক্ষ্য অর্জনে কোন দেশ কী করতে পারে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশকে কী সহায়তা করা যায়, তা নির্ণয় করা তাঁর সফরের উদ্দেশ্য। যে ৭১টি দেশ এ উদ্যোগে একাত্ম হয়েছে, গত বছর তাদের এক সভায় যুক্তরাষ্ট্র এ নিয়ে কাজ করার প্রস্তাব করে এবং তা অনুমোদিত হয়। সে অনুযায়ী ৭১টি দেশের মধ্যে প্রথম বাংলাদেশে এলেন জ্বালানি সম্পদ ব্যুরোর দায়িত্ব পাওয়া উপসহকারী মন্ত্রী আইকর্ড।রবার্ট এফ আইকর্ড বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছেন।বাংলাদেশ যে ২০১৫ সালের মধ্যে মোট ব্যবহূত বিদ্যুতের ৫ শতাংশ এবং ২০২০ সালের মধ্যে ১০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, তাকে একটি অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন আইকর্ড। তিনি বলেন, বাংলাদেশের সম্ভাবনা অনেক। ইতিমধ্যে বাংলাদেশ প্রায় ২০ লাখ বাড়িতে সৌরবিদ্যুতের প্যানেল বসিয়ে সারা বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাড়িঘর ছাড়াও স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ইত্যাদিও সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছে।আইকর্ড বলেন, বাংলাদেশে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখতে মানচিত্র (উইন্ড ম্যাপিং) করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ব্যবহার করে সেচযন্ত্র চালানোর উদ্যোগ এগিয়ে চলেছে, যা হবে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে এক বিশেষ অগ্রগতি।কয়লার ব্যবহার প্রসঙ্গে আইকর্ড বলেন, বাংলাদেশ মিশ্র জ্বালানি ব্যবহারের যে কৌশল নিয়েছে, তাতে কয়লা অন্যতম প্রধান উপকরণ। বাংলাদেশকে অবশ্যই তার জ্বালানিনিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি এবং পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণের বিষয়ে ভাবতে হবে।আরেক প্রশ্নের জবাবে মার্কিন উপসহকারী মন্ত্রী বলেন, জ্বালানির দক্ষ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্র, জাপান এবং সমগ্র ইউরোপ এ উদ্যোগ নিয়ে এগোচ্ছে।