নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ আইন মন্ত্রিসভায় অনুমোদন
দেশে সবুজ জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মন্ত্রিসভা ‘টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বাংলাদেশ সচিবালয়ে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, দেশে বিগত বছরগুলোতে বায়োগ্যাস ও সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বেড়েছে। ফলে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে একটি আইনি কাঠামোর আওতায় আনতে সরকার নবায়নযোগ্য জ্বালানি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের প্রেক্ষাপটে সারা বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বেড়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর বিদ্যমান জ্বালানি সেলের জায়গায় টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন প্রতিস্থাপিত হবে এবং এটি পার্লামেন্টে ‘অর্থ বিল’ হিসেবে উত্থাপিত হবে। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ একজন চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচজন পূর্ণকালীন সদস্য ও বেসরকারি খাতসহ বেশ কয়েকজন খণ্ডকালীন সদস্য নিয়ে গঠিত হবে। মন্ত্রিসভা বর্তমানে বিদ্যমান ১৯৭৭ সালের আইন সংস্কার করে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিমান যোগাযোগ স্থাপনের লক্ষ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করে।এ চুক্তির আওতায় সরকারি ও বেসরকারি খাতে মোট পাঁচটি এয়ারলাইনস দুই দেশের বিভিন্ন নগরের মধ্যে প্রতি সপ্তাহে সাতটি যাত্রীবাহী এবং চারটি মালবাহী ফ্লাইট পরিচালনা করবে।সভায় মত প্রকাশ করা হয়, বিমান যোগাযোগ চুক্তি স্বাক্ষরের মধ্যে দিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগসহ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে। এয়ারলাইনসগুলো হলো বাংলাদেশের বাংলাদেশ বিমান, জিএমজি এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনস এবং মিয়ানমারের মিয়ানমার এয়ারওয়েজ ও এয়ার বাগান। মিয়ানমার সরকার এই চুক্তি অনুমোদনের পর শিগগির ফ্লাইট পরিচালনা শুরু হবে।বৈঠকে অর্থমন্ত্রী গত মাসে ব্যাংককে অনুষ্ঠিত ইউনেসক্যাপের ৬৮তম বার্ষিক সভায় তাঁর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের অংশগ্রহণের বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করেন। বাসস