বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিশক্তি ব্যবহার আশাব্যঞ্জক নয়। সরকারের ২০২১ সালের মধ্যে ১০ শতাংশ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে নেওয়ার কথা থাকলেও বর্তমানে আড়াই শতাংশ আসছে এখান থেকে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘অপ্রতিরোধ্য এক বিপ্লব চলমান শতভাগ নবায়নযোগ্য জ্বালানির পথে বিশ্ব’ শীর্ষক শিরোনামে এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ।
আলোচনা অনুষ্ঠানের প্রধান বক্তা যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ সাজেদ কামাল বলেন, ‘তেল, গ্যাস, ইউরেনিয়াম, কয়লার মজুত ফুরিয়ে আসছে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির মজুতের কোনো শেষ নেই। যদি বিজ্ঞান থেকে আমরা কিছু শিখে থাকি, তাহলে অবশ্যই আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে যেতেই হবে।’
সাজেদ কামাল উদাহরণ দিয়ে বলেন, ২০৫০ সালের মধ্যে জার্মানি শতভাগ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার শুরু করবে। চীন, জাপান এমনকি ভারতে সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ ব্যবহার বাড়ছে। নতুন নতুন প্রযুক্তি এসেছে। সৌরবিদ্যুতের জন্য প্রচুর জমির প্রয়োজন নেই।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) চেয়ারপারসন ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, ‘জীবাশ্ম জ্বালানি ও পরমাণু বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের কী ক্ষতি হবে, তা ধরিয়ে দিতে আমরা সরকারকে ১৩টি বিজ্ঞানভিত্তিক গবেষণা দিয়েছি। অথচ সরকার এরপরও বলে আমরা আবেগ দিয়ে কথা বলি। যেখানে বিজ্ঞান নেই, সেখানে যুক্তি নেই।’
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, নবায়নযোগ্য জ্বালানি সারা দুনিয়াতে বিপ্লব ঘটিয়েছে। একজন বুদ্ধিমান মানুষের বুঝতে ১০ মিনিট লাগে। কিন্তু একটি জাতির বুঝতে লাগে ৫০ বছর। কারণ সেখানে খারাপ লোক যেমন থাকে, তেমন ভালো মানুষও থাকে। এই জাতিকে বুঝতে আরও সময় লাগবে।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘আমাদের ছোটবেলাতে যাঁদের মহান আদর্শবাদী হিসেবে ভেবেছি, তাঁদের ভেতর থেকেও চোর বেরিয়ে আসছে। আমরা দিই না, আমরা নিই।’ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাস্তবায়ন করা কঠিন ব্যাপার হলেও একসময় এটি হবে বলেও তিনি মনে করেন।
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, জ্বালানি বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদরুল ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ প্রমুখ।