আন্তর্জাতিক সম্মেলনে শিক্ষামন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার পরিবেশবান্ধব বিশ্ব গড়তে পারে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার ক্রমবর্ধমান জ্বালানির সমস্যা কমিয়ে পরিবেশবান্ধব বিশ্ব গড়ে তুলতে পারে। এ লক্ষ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে হবে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার নবায়নযোগ্য জ্বালানি শক্তির ওপর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ এ সম্মেলনের আয়োজন করেছে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এর মধ্যে সৌরশক্তির কার্যকর ব্যবহার ও প্রয়োগে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বুয়েটের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সোসাইটি অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (বিএসএমই) সভাপতি এম এইচ খান, ওয়াশিংটনের পার্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ লতিফ, চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. তাজুল ইসলাম।সম্মেলনের উদ্যোক্তারা জানান, সম্মেলনে ১৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে ক্যাম্পাসে রোবট দৌড় প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনী হয়। এ প্রতিযোগিতায় দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নেয়। এ ছাড়াও গতকালের আয়োজনের মধ্যে ছিল পোস্টার উপস্থাপন ও চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।সম্মেলনের অনলাইন মিডিয়া পার্টনার চুয়েটনিউজ২৪.কম (www.cuetnews24.com)।