নবায়নযোগ্য বিদ্যুৎ সুবিধার আওতায় ১০ শতাংশ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় ১০ শতাংশ মানুষ নবায়নযোগ্য জ্বালানি উত্স থেকে উৎপাদিত বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। প্রধানত গ্রামীণ এই জনগোষ্ঠী বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ পদ্ধতি (সোলার হোম সিস্টেম) ব্যবহার করছে। এ ছাড়া ইতিমধ্যে চালু হওয়া সৌরবিদ্যুতের ১১টি ক্ষুদ্র গ্রিডের (সোলার মিনি গ্রিড) মাধ্যমেও অনেকে বিদ্যুৎ পাচ্ছে। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটির (শ্রেডা)’ সদস্য সিদ্দিক জোবায়ের এক কর্মশালায় এ কথা বলেছেন। ‘বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়ন থেকে আফ্রিকার দেশ তানজানিয়ার শিক্ষণীয়’ শীর্ষক এই কর্মশালা আজ মঙ্গলবার গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
এ দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ-জ্বালানির উন্নয়ন সম্পর্কে সরেজমিনে অভিজ্ঞতা অর্জনের জন্য তানজানিয়ার সরকারি-বেসরকারি একটি প্রতিনিধিদলের সফর উপলক্ষে ‘ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন’ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় শ্রেডার সদস্য বলেন, গত ডিসেম্বর পর্যন্ত দেশে ৪০ লাখের বেশি বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের প্যানেল স্থাপিত হয়েছে। এর মাধ্যমে প্রায় দেড় কোটি লোক বিদ্যুৎ পাচ্ছে। ক্ষুদ্র গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পাওয়া লোকের সংখ্যাও বাড়ছে। সব মিলে দেশের প্রায় ১০ শতাংশ মানুষ নবায়নযোগ্য বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। তাঁর এই তথ্য সমর্থন করে কর্মশালায় বক্তব্য দেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান এনামুল করিম পাভেল। তিনি বলেন, বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ৫০ হাজার বাড়িতে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করা হচ্ছে। তাঁদের লক্ষ্য হচ্ছে-২০১৮ সালের মধ্যে দেশের ৬০ লাখ বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়া। তিনি পরিসংখ্যান উল্লেখ করে বলেন, বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুতের সাহায্যে সেচপাম্প চালানো, জৈব গ্যাসের প্ল্যান্ট, সৌরবিদ্যুতের ক্ষুদ্র গ্রিড, উন্নত চুলা প্রভৃতির ব্যবহারও বাড়ছে।
তবে সিদ্দিক জোবায়ের বলেন, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লেও তা সরকারের পরিকল্পিত বৃদ্ধির তুলনায় এখনো কিছুটা পিছিয়ে আছে। সরকারের পরিকল্পনা হচ্ছে-২০২১ সালের মধ্যে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ১০ শতাংশ, অর্থাৎ দুই হাজার মেগাওয়াট হবে নবায়নযোগ্য জ্বালানি উত্স থেকে উৎপাদিত বিদ্যুৎ, যা বর্তমানে মাত্র সাড়ে ৩ শতাংশ। তিনি নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন বাড়ানোর বছরভিত্তিক একটি লক্ষ্যমাত্রাও কর্মশালায় উপস্থাপন করেন। তাতেও দেখা যায়, পরিকল্পিত লক্ষ্যমাত্রার তুলনায় বর্তমান উৎপাদন কম। অবশ্য তিনি বলেন, এখন পর্যন্ত যেটুকু ঘাটতি রয়েছে, তা আগামী দু-এক বছরে পুষিয়ে নেওয়া সম্ভব হবে। পরিকল্পনা বাস্তবায়ন সেভাবেই হচ্ছে।
আয়োজক সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সরকারি ও বেসরকারি খাতের কয়েকজন উদ্যোক্তা এবং তানজানিয়ার প্রতিনিধিদলের সদস্য মেরি এ সাওয়া বক্তব্য দেন।