আন্তর্জাতিক সম্মেলনে বক্তাদের অভিমত
নবায়নযোগ্য শক্তি বিস্তারে নতুন চ্যালেঞ্জ জ্বালানির মূল্যহ্রাস
বিশ্বব্যাপী জ্বালানি তেলের অব্যাহত মূল্যহ্রাস নবায়নযোগ্য শক্তির বিস্তারে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। তেলের দাম কমার কারণে গ্যাস, কয়লাসহ সব ধরনের জীবাশ্ম জ্বালানির দামও কমছে। ফলে জীবাশ্ম জ্বালানির তুলনায় নবায়নযোগ্য শক্তির ব্যয় বেড়েছে। আর এ কারণে নবায়নযোগ্য জ্বালানির বিস্তার বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নবায়নযোগ্য শক্তির উন্নয়নবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেছেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শোনা যাচ্ছে, জ্বালানি তেলের দাম আরও বেশ কিছুটা কমবে। তাতে নবায়নযোগ্য শক্তির বিস্তারে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির উন্নয়ন ও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
দেশি-বিদেশি প্রায় ৩০টি শিক্ষা-গবেষণা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) চতুর্থবারের মতো তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে। গত বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে ইউআইইউর সম্মেলন কক্ষে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সরকারি কোম্পানিগুলোতে আগামী তিন বছরে ৫০০ জন প্রশিক্ষণার্থী (ইন্টার্ন) নেওয়া হবে, যার মধ্যে ৫০ জনকে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে এই খাতে প্রায় ১ হাজার ৪৯৯ কোটি মার্কিন ডলারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে। এসব কাজের জন্য প্রচুর পেশাজীবী দরকার। প্রশিক্ষণার্থী নেওয়ার উদ্দেশ্য তাঁদের দক্ষ পেশাজীবী হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া।
অনুষ্ঠানে ইউআইইউর ভাইস চেয়ারম্যান ফরিদুর রহমান খান বলেন, সারা পৃথিবীতে নবায়নযোগ্য শক্তির উন্নয়নে প্রযুক্তিরও উন্নয়ন হচ্ছে। দেশে ইউআইইউ এই গবেষণা ও বাস্তব ক্ষেত্রে তার প্রয়োগে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে আরও অবদান রাখবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান রিজওয়ান খান বলেন, দেশের বিভিন্ন স্থানে ইউআইইউ এখন পর্যন্ত সৌরবিদ্যুতের সাতটি ক্ষুদ্র গ্রিড স্থাপন করে বিদ্যুৎ সরবরাহ করছে। আরও কয়েকটি ক্ষুদ্র গ্রিডের নকশা প্রণয়ন করছে। দেশে এখন পর্যন্ত প্রায় ৪৪ লাখ বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ উজ্জ্বল।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিচার্সের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া সম্মেলনের কারিগরি কমিটির চেয়ারম্যান এ কে এম সদরুল ইসলাম, এস এম লুৎফুল কবির, রাকিবুল মোস্তফা অনুষ্ঠানে বক্তব্য দেন। আজ শনিবার সম্মেলনের কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের ১৩৪টি প্রবন্ধ উপস্থাপিত হবে।
বর্তমান পৃথিবীতে ব্যবহৃত মোট বিদ্যুৎ-শক্তির প্রায় ২৩ শতাংশ আসে নবায়নযোগ্য শক্তি থেকে। বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ ২০২০ সালে ১০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করেছে সরকার।