নবীগঞ্জ খেয়াঘাটে অতিরিক্ত টোল নেওয়ায় বিশৃঙ্খলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাটে গতকাল সোমবার অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদ করায় ইজারাদারের লোকজন আলামিন নামের এক তরুণকে পিটিয়ে আহত করেছেন। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ইজারাদারের লোকেরা পালিয়ে যান। এ সময় প্রায় এক ঘণ্টা যাত্রী পারাপার বন্ধ থাকে।
আলামিন বলেন, তিনি বন্দরের রসুলবাগ এলাকার মোহর চান মিয়ার ছেলে। গতকাল দুপুরে তাঁরা চার বন্ধু মিলে নারায়ণগঞ্জ থেকে খেয়া পার হয়ে নবীগঞ্জে আসেন। এ সময় তিনি স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্ধারণ করে দেওয়া মাথাপিছু ১ টাকা হারে টোল দেন। কিন্তু নবীগঞ্জ এলাকার মৃত আবুল কমিশনারের ছেলে ঘাটের সাব ইজারাদার জনি তাঁকে গালাগাল করেন এবং ২ টাকা হারে টোল দিতে বলেন। এর প্রতিবাদ করায় জনি বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় উপস্থিত সব যাত্রী ক্ষিপ্ত হয়ে উঠলে ঘাট ইজারাদারের লোকজন পালিয়ে যান। পরে আহত আলামিন থানায় গিয়ে ঘাট ইজারাদার জনির বিরুদ্ধে অভিযোগ দেন।
এ বিষয়ে জানতে গতকাল রাতে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামের মুঠোফোনে ফোন দিলেও তিনি ধরেননি।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান নবীগঞ্জ খেয়াঘাটে এসে মাথাপিছু ২ টাকার পরিবর্তে ১ টাকা করে টোল আদায়ের নির্দেশ দেন। কিন্তু ঘাট ইজারাদার সাংসদের নির্দেশ অমান্য করে ২ টাকা করে টোল আদায় করছেন।