নবীগঞ্জ জে কে উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি উদ্যাপন শুরু
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার যুগল-কিশোর উচ্চবিদ্যালয়ের (জে কে হাইস্কুল) শতবর্ষ পূর্তি উদ্যাপন শুরু হয়েছে গতকাল শুক্রবার।
বেলা সাড়ে তিনটায় স্কুলমাঠ থেকে বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় স্কুল মাঠে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী। উপস্থিত ছিলেন শত বছর উদ্যাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক উপপরিচালক শফিকুর রহমান, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, পৌরসভার প্যানেল এ টি এম সালাম প্রমুখ। বিকেলে আতশবাজির মাধ্যমে আনন্দ ও সাংস্কৃতিক সন্ধ্যা শুরু হয়।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড, টি-শার্টসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
আজ শনিবার সকাল ১০টায় অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।