নবীগঞ্জ থানায় দুই কর্মকর্তার দ্বন্দ্ব দুটি জিডি
হবিগঞ্জের নবীগঞ্জ থানায় মামলার কার্যক্রম পরিচালনা ও সমন্বয়হীনতা নিয়ে দুই কর্মকর্তার মধ্যে চরম দ্বন্দ্ব দেখা দিয়েছে। এ নিয়ে থানায় দুটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও নবীগঞ্জ থানা সূত্র জানায়, দুই পরিদর্শক অঞ্জন পাল (তদন্ত) ও মো. জসিম উদ্দিনের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মধ্যে এ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। থানায় প্রায় এক বছর আগে যোগদান করেন অঞ্জন পাল। এরও তিন-চার মাস আগে যোগ দেন জসিম উদ্দিন।বেশ কিছুদিন ধরে বিভিন্ন মামলার তদন্ত, তদারকি ও বিভাগীয় কার্যক্রম পরিচালনা নিয়ে এ দুই কর্মকর্তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এ দ্বন্দ্ব থানার অন্য উপপরিদর্শকদের মধ্যেও ছড়িয়ে পড়ে। গত সোমবারও অঞ্জন পালের (তদন্ত) সঙ্গে জসিম উদ্দিনের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কথা-কাটাকাটি হয়। এর পরিপ্রেক্ষিতে অঞ্জন পাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এতে তিনি জসিম উদ্দিনসহ অন্য কর্মকর্তাদের অসহযোগিতা, তদন্তকাজে বিভাগীয় সুযোগ-সুবিধা না পাওয়া ও থানার কর্মকর্তাদের কারণে পুলিশের ভাবমূর্তি নষ্টসহ নানা অভিযোগ আনেন। এর আগে ১৭ অক্টোবরও তিনি আরেকটি সাধারণ ডায়েরি করেছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক এক উপপরিদর্শক বলেন, এ দুই ওসির টানাপোড়েনে থানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতিদিনই তাঁরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।এ বিষয়ে অঞ্জন পাল জিডি করার কথা স্বীকার করে বলেন, ‘অসহযোগিতার কারণে আমি কাজই করতে পারছি না। অধীন ব্যক্তিরা যদি সহযোগিতা না করেন, এবং অন্য কেউ যদি তাঁদের প্রভাবিত করেন, তাহলে কাজ করব কীভাবে?’জসিম উদ্দিন বলেন, ‘একজন এএসআই ও কনস্টেবলের বিষয়ে জিডি হয়েছে। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’