হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নয়টি এলাকার প্রায় অর্ধশত গ্রামের পোস্ট অফিস কোড নম্বর পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার সঙ্গে যুক্ত থাকায় ওই এলাকার লোকজন হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আধুনিক মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করতে পারছে না।আবার যে এলাকার পোস্টকোড ব্যবহার করা হচ্ছে, সেখানকার অধিবাসী না হওয়ার কারণে এ পাসপোর্ট পাওয়ার বৈধতাও তাদের থাকছে না।হবিগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, রিডেবল মেশিনে এলাকা চিহ্নিত করা হয় পোস্টকোডের ভিত্তিতে। এ পোস্টকোডে ভিন্নতা থাকায় মেশিনে সংরক্ষিত তথ্যে ওই গ্রামবাসীর অবস্থান ভিন্ন জেলার মানচিত্রে দেখায়। যে কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দগঞ্জ, আফরোজগঞ্জ, সদরাবাদ, কামারগাঁও, সুনাইত্তা মাধবপুর, আউশকান্দি হীরাগঞ্জ ও বাজার সৈয়দপুর এলাকার পোস্ট অফিস কোড নম্বর ৩২০৩। এ কোড হচ্ছে পার্শ্ববর্তী জেলা মৌলভীবাজার জোনাল পোস্ট অফিসের সঙ্গে যুক্ত। এ ছাড়া একই উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পোস্টকোড হবিগঞ্জের সৈয়দপুর সাবপোস্ট অফিসের ৩৩৩৪-এর সঙ্গে যুক্ত। আবার সৈয়দপুর সাবপোস্ট কোড মৌলভীবাজারের সঙ্গে যুক্ত।এদিকে আধুনিক রিডেবল পাসপোর্ট মেশিনের সফটওয়্যারে এলাকা নির্ধারণ করা হয় পোস্টকোডের ভিত্তিতে। দেখা গেছে, ওই এলাকার পাসপোর্ট আবেদনকারীদের কোড নম্বর অনুযায়ী মানচিত্রে মৌলভীবাজার জেলা দেখায়।এতে উল্লিখিত নয়টি এলাকার প্রায় ৫০টি গ্রামের মানুষের পোস্টকোডে ভিন্নতা থাকায় এক বিড়ম্বনা তৈরি হয়েছে।নবীগঞ্জ উপজেলার কামারগাঁও গ্রামের কামাল হোসেন জানান, তিনি গত জুলাই মাসে আধুনিক মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করেন। নির্ধারিত আবেদন ফরমে পোস্টকোড কলামের ঘরে তিনি তাঁর পোস্টকোড ৩২০৩ উল্লেখ করেন। পরে পাসপোর্ট অফিস থেকে তাঁকে জানানো হয়, তিনি যে কোড ব্যবহার করেছেন, তা মৌলভীবাজার জেলার। হবিগঞ্জ জেলার অধিবাসী হয়ে অন্য জেলার কোড ব্যবহারের কারণে তাঁর পাসপোর্ট ইস্যু করা যাচ্ছে না।ইনাতগঞ্জ এলাকার ব্যবসায়ী এনামুল হক জানান, তাঁরা পার্শ্ববর্তী সৈয়দপুর সাবপোস্ট অফিসের ৩৩৩৪ কোড ব্যবহার করেন। একই সমস্যার কারণে তিনিও পাসপোর্ট পাচ্ছেন না।হীরাগঞ্জ বাজারের ব্যবসায়ী হাফিজ উদ্দিন বলেন, নবীগঞ্জ উপজেলা প্রবাসী অধ্যুষিত। এখানকার ৮০ শতাংশ মানুষ বিদেশের অর্থের ওপর নির্ভরশীল। এ অঞ্চলের মানুষ বিদেশগামী। এখানে পাসপোর্টের সমস্যাটি বড় সমস্যায় পরিণত হয়েছে।হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক এ কে এম মোতাহের হোসেন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্পের আওতায় এ পাসপোর্টগুলো দেওয়া হচ্ছে। মেশিনের সফটওয়্যারে হবিগঞ্জ জেলার সব কটি পোস্ট অফিসের কোড সংরক্ষিত রয়েছে। অন্য জেলার কোড দিয়ে এ জেলার মানুষ আবেদন করলে মেশিনে সেই ডেটা প্রদর্শন করে না। যে কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি জানান, বিষয়টি চিঠি দিয়ে প্রকল্পের পরিচালককে অবহিত করেছেন। আশা করা যায়, তাঁরা এর সমাধান বের করবেন।