নবীগঞ্জে আমন ধান ওঠাতে না পেরে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের জোয়ালভাঙ্গা হাওরে কৃষকেরা এবারের আমন ধান ঘরে তুলতে পারেননি। আধা পাকা এই ধান কাটতে গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশের কাছে সময় চেয়েছিলেন তাঁরা। শেভরন বিবিয়ানা গ্যাসক্ষেত্রের নতুন প্যাড নির্মাণের জন্য ওই ধানি জমিগুলো অধিগ্রহণ করে সরকারিভাবে।শেভরন বাংলাদেশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিবিয়ানা গ্যাসফিল্ডের নতুন প্যাড নির্মাণের জন্য দিঘলবাক ইউনিয়নের জোয়ালভাঙ্গা হাওরে শতাধিক একর জমি হবিগঞ্জ জেলা প্রশাসন সম্প্রতি অধিগ্রহণ করে।এদিকে, এই ভূমিতে ১৬ নভেম্বর শেভরন বাংলাদেশ তাদের নতুন প্যাড নির্মাণের কাজ শুরু করে। এ সময় সংশ্লিষ্ট হাওরের কৃষকেরা তাঁদের জমির আধা পাকা আমন ধান কাটার পর এই নির্মাণকাজ শুরুর দাবি জানান। পাশাপাশি তাঁরা আরও কয়েক দিন সময় চান। কিন্তু শেভরন কৃষকদের এই দাবি পূরণ না করে নির্মাণকাজ শুরু করলে অসন্তোষ তৈরি হয় কৃষকদের মধ্যে।স্থানীয় অধিবাসী আবদুল হাদী বলেন, ‘শেভরন বাংলাদেশ এত তাড়াহুড়া করে আধা পাকা ধান নষ্ট করে এ কাজ শুরুর কারণ আমরা বুঝে উঠতে পারছি না। অথচ অনেক কৃষক এখনো অধিগ্রহণকৃত জমির টাকাও বুঝে পাননি।’জমির মালিক শাহ এবাদুর রহমান দারা বলেন, ‘আমাদের জমির ফসল কাটার সুযোগ দিলে অনেক লাভবান হতাম। শুধু ক্ষতিপূরণ দিয়ে তো এসব ফসল বিনষ্ট করাটা ঠিক হয়নি।’কৃষক কাজল মিয়া ও কবির আহমদ চৌধুরী বলেন, ‘কয়েকটা দিন সময় পেলেই ধানগুলো ঘরে তোলা সম্ভব ছিল। প্রশাসনের উচিত ছিল আমাদের পক্ষে কথা বলার। কিন্তু কেউ আমাদের পাশে দাঁড়ায়নি।’অপর কৃষক কটই মিয়া বলেন, ওই জমিগুলোতে এবার বাম্পার ফলন হয়েছিল। নির্মাণকাজ শুরু হওয়ায় হাজার হাজার মণ ধান মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে তিনি মন্তব্য করেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরওয়ার হাদি গাজী বলেন, নির্মাণকাজ শুরু হওয়ায় যে ধান বিনষ্ট হচ্ছে, তা আসলেই কষ্টদায়ক।হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের বিরোধীদলীয় সাংসদ শেখ সুজাত মিয়া বলেন, শেভরন যেভাবে আধা পাকা ধান কেটে বিনষ্ট করছে, তা দুঃখজনক। এতে করে এ বছর ওই এলাকার কৃষকদের খাদ্য ঘাটতি দেখা দেবে। তিনি বলেন, শেভরনের উচিত ছিল, তাদের নির্মাণকাজ শুরুর আগেই কৃষকদের সঙ্গে কথা বলা।বিবিয়ানা গ্যাসফিল্ডের দায়িত্বে থাকা শেভরন বাংলাদেশের পাবলিক রিলেশন অফিসার জুলফিকার আহমদ চৌধুরী এ বিষয়ে কথা বলতে রাজি হননি। তবে একই প্রতিষ্ঠানের মিডিয়া কমিউনিকেশন অফিসার আহসান উল্লাহ খান জানান, এ কাজ শুরুর জন্য সরকার তাদের সময়সীমা বেঁধে দিয়েছে, যে কারণে এ কাজ নিয়ে প্রতিষ্ঠান সময় নষ্ট করতে চায় না। তবে কৃষকদের যথাযথ ক্ষতিপূরণ দিয়েই তারা এ কাজ শুরু করেন বলে দাবি করেন শেভরনের এ কর্মকর্তা।