হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় এবার বিএনপির কর্মী ইউসুফ আলী (৩২) খুন হয়েছেন। গতকাল শুক্রবার সকালে করগাঁওয়ের সাকোয়া গ্রামে নিজ বাড়িতে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালানো হয়।এর আগে গত বুধবার একই ইউনিয়নে খুন হন ইউসুফের প্রতিপক্ষ যুবলীগের কর্মী শাহ আলম (২৬)।এদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত করগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল কুদ্দুস সাগরকে গ্রেপ্তার করতে গতকাল হবিগঞ্জ শহরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে পুলিশ অভিযান চালালে উল্টো তাদের লাঞ্ছিত করা হয়। পরে জেলা পুলিশের ভারপ্রাপ্ত সুপার গিয়ে তাদের উদ্ধার করেন। জানা গেছে, করগাঁও যুবলীগের নেতা আবদুল কুদ্দুসের সঙ্গে একই ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী শান্তির মধ্যে এলাকার বিভিন্ন জলাশয়, ভূমি ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ পর্যন্ত এ দুটি পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ছয়টি খুনের ঘটনা ঘটে। গত এক মাসের ব্যবধানে এই দুই পক্ষের তিনজন খুন হন। পরিবার সূত্র জানায়, সকাল সাতটার দিকে সাকোয়া গ্রামের বাড়িতে ইউসুফকে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে কোপ দেয় প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। তাঁর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ইউসুফ হত্যাকাণ্ডের জন্য তার চাচাতো ভাই করগাঁও বিএনপির নেতা সাহেব আলী শান্তি ইউনিয়ন যুবলীগের নেতা সাগরকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, সাগর ও তাঁর লোকজন আধিপত্য দেখাতে গিয়ে গত ২৯ জানুয়ারি তাঁর আপন ভাই মঈনুল হোসেনকে (৩৫) হত্যা করে এবং গতকাল হত্যা করে চাচাতো ভাই ইউসুফকে। শান্তি আরও অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরীর মদদে সাগর একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েও এলাকায় অবস্থান করছে। পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ অস্বীকার করে সাগর বলেন, শান্তি ও তাঁর লোকজন আধিপত্য বজায় রাখতে গিয়ে একে একে খুনের ঘটনা ঘটাচ্ছে। সর্বশেষ গত বুধবার তারা তাঁর ভাগনে ও ইউনিয়ন যুবলীগের কর্মী শাহ আলমকে হত্যা করে।জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী জানান, আধিপত্য বজায় রাখতে গিয়ে সাগর ও শান্তি বাহিনী ৪০ বছর ধরে এলাকাকে অশান্ত করে রেখেছে। এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তিনি সাগরকে কোনো ধরনের প্রশ্রয় দিচ্ছেন না বলে দাবি করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, মূলত এলাকায় বিভিন্ন জলাশয় ও ভূমি দখল নিয়ে সাগর ও শান্তি গ্রুপের সমস্যা চলছে। এ পর্যন্ত দুটি পক্ষের মধ্যে ছয়টি খুনের ঘটনা ঘটেছে। পাশাপাশি বিভিন্ন বিষয়াদি নিয়ে মামলা-মোকদ্দমাও রয়েছে। পুলিশ জানায়, ইউসুফ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আয়াত আলী নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত: হত্যার পর সাগর আওয়ামী লীগের নেতা আলমগীর চৌধুরীর হবিগঞ্জ শহরের মুসলিম কোয়ার্টারের বাসায় অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। দুপুর দুইটার দিকে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) মর্যাদার এক পুলিশ কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ ওই বাসায় যান। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতা ও তাঁর লোকজন ওই এএসপিকে লাঞ্ছিত করে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন এবং তাঁর সানগ্লাস ভেঙে ফেলেন ও মুঠোফোন কেড়ে নেন। হবিগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও আওয়ামী লীগ নেতার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আওয়ামী লীগ নেতা আলমগীর চৌধুরী দাবি করেন, ‘আমি বাসায় ছিলাম না। পুলিশ বিনা অনুমতিতে আমার বাসায় প্রবেশ করায় পাড়া-প্রতিবেশীরা তাদের আটক করে রাখে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে বিষয়টি সুরাহা হয়।