নবীগঞ্জে কালীবাড়ি ও কানাইলাল আখড়ার ভূমি উদ্ধারে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালীবাড়ি ও কানাইলাল জিউর আখড়ার ২৯ শতক ভূমি উদ্ধার ও পূজায় প্রজ্বলিত মোমবাতি ছুড়ে ফেলায় ঘটনার প্রতিবাদে উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন গতকাল সোমবার নবীগঞ্জ শহরের নতুন বাজারে মানববন্ধন পালন করেন। পাশাপাশি আন্দোলনকারীরা এ ভূমি উদ্ধারে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনকে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থানা প্রাঙ্গণের ভেতরে নবীগঞ্জ উপজেলা কালীবাড়ি ও কানাইলাল জিউর আখড়ার ২৯ শতক ভূমি ছিল। নবীগঞ্জ থানা নির্মাণকালে এ জায়গা বেদখল হয়। এ জায়গা উদ্ধারে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। গত বুধবার হিন্দু সম্প্রদায়ের লোকজন কালীপূজা উপলক্ষে প্রদীপ প্রজ্বলন করলে থানার পুলিশ তা ফেলে দেয় এবং পূজারিদের সরে যেতে বলে।এ ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে নতুন বাজার এলাকায় মানববন্ধন পালন করা হয় নবীগঞ্জ পূজা উদ্যাপন কমিটির পক্ষ থেকে। এতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। পূজা উদ্যাপন কমিটির আহ্বায়ক নিখিল আচার্য্যের সভাপতিত্বে বক্তব্য দেন, স্থানীয় সাংসদ ও বিএনপির নেতা শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায়, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুখেন্দু রায় বাবুল, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ, বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, উত্তম কুমার পাল, অরূপ কুমার বণিক, প্রণব চন্দ্র দেব, বিধান ধর, রঞ্জিত চক্রবর্তী, সাধন দাশ, পবিত্র বণিক প্রমুখ। এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন জানান, প্রদীপ বা মোমবাতি ফেলে দেওয়ার মতো কোনো ঘটনা ওই দিন ঘটেনি। কিছু লোক প্রদীপ বা মোমবাতি ফেলার ঘটনা দিয়ে ইস্যু তৈরির চেষ্টা করছেন। তবে যাঁরা থানা প্রাঙ্গণে দলবদ্ধভাবে প্রবেশ করেন, তাঁদের বলা হয়েছে, ভূমির বিষয়টি আদালতের বিবেচনাধীন। কাজেই পুলিশ প্রশাসনের এখানে কিছু করার নেই।