নবীগঞ্জে জমি দখলের চেষ্টা প্রতিরোধ
হবিগঞ্জের নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ৩০ শতক ভূমি দখলের চেষ্টা প্রতিরোধ করলেন এলাকাবাসী। গতকাল রোববার সকালে ৩২ গ্রামের মানুষ এক হয়ে দখলদারদের ভূমির ভেতর ঢুকতে দেননি। পরে এলাকার সাংসদসহ জনপ্রতিনিধিরা পরিস্থিতি শান্ত করেন। উপজেলা প্রশাসন ও নবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের প্রয়াত শ্যাম সুন্দর ও প্যারী মোহন রায় নবীগঞ্জ মৌজার ৪১৫ দাগের ৩০ শতক ভূমি ১৯৪৮ সালে একটি স্কুল স্থাপনের জন্য দান করেন। পরে সেখানে স্কুলের বদলে ইউনিয়ন পরিষদ কার্যালয় হয়। এদিকে ভূমিদাতার উত্তরাধিকার নাতি হরিপদ রায় জায়গাটির স্বত্ব দাবি করে হবিগঞ্জ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা করেন ২০০৮ সালে। এ মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। এদিকে মামলার বাদীর পক্ষের লোকজন প্রশাসনের সহায়তায় গতকাল ইউনিয়ন পরিষদ অফিস দখল সরাতে গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নবীগঞ্জ সদর ইউনিয়নের তিমিরপুর, মুরাদপুর, আলীপুর, গুজাখাইরসহ ৩২টি গ্রামের নারী-পুরুষ এক হয়ে এ ঘটনার প্রতিবাদ জানান। পুলিশের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে হবিগঞ্জ-১ আসনের সাংসদ বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়া, আওয়ামী লীগের নবীগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান গোলাম সরওয়ার হাদি গাজীসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। তবে এলাকাবাসী এ ভূমিতে আবার ইউনিয়ন পরিষদের কার্যালয় স্থানান্তর করেন। নবীগঞ্জের ব্যবসায়ী আবদুস ছালাম বলেন, নবীগঞ্জের প্রশাসন উঠেপড়ে লেগেছে এ জায়গা হরিপদ রায়কে বুঝিয়ে দিতে। অথচ এখনো মামলার কোনো সুরাহা হয়নি।নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনামনি চাকমা প্রথম আলোকে বলেন, দাতার শর্ত পূরণ না হওয়ায় দাতার উত্তরাধিকারীরা মামলা করেছেন। তাঁরা প্রশাসনের সহযোগিতা চাওয়ায় অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে জায়গা ছাড়ার জন্য। স্বত্ব মামলা চলাকালীন উচ্ছেদ অভিযান চালানো যায় কি না, এমন প্রশ্নে ইউএনও বলেন, কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকলে প্রশাসন পারে।