নবীগঞ্জে তন্বী হত্যায় জড়িত সন্দেহে তরুণ গ্রেপ্তার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আলোচিত তন্বী রায় (১৮) হত্যায় জড়িত সন্দেহে রানু রায় নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তন্বী নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা আবাসিক এলাকার বিমল রায়ের মেয়ে। গত ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটার দিকে নবীগঞ্জ উপজেলার বরাক নদের গড়মুড়িয়া সেতুর কাছ থেকে তাঁর বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, তন্বী রায় এবার নবীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। গত ১৭ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে তিনি নবীগঞ্জ শহরের একটি কম্পিউটার ট্রেনিং সেন্টারে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। যথাসময়ে বাসায় না ফিরে আসায় পরিবারের লোকজন নানা স্থানে তাঁকে খোঁজ করেন। কিন্তু না পাওয়ায় তাঁর বাবা বিমল রায় রাতেই নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ঘটনার তিন দিন পর তাঁর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে তন্বীর বাবা ওই দিনই সদর থানায় একটি হত্যা মামলা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অনেকেই তন্বীকে হত্যার জন্য নবীগঞ্জ বাজারের কানু রায়ের ছেলে রানু রায়কে (২৫) সন্দেহ করতে থাকেন। কারণ, রানুর সঙ্গে তন্বীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে তিনি পলাতক থাকায় এ সন্দেহ আরও প্রকট হয়। এ ছাড়া রানুর বাসা তল্লাশি করে হত্যাকাণ্ডে ব্যবহৃত বস্তা, রশিসহ নানা আলামত উদ্ধার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডের পর থেকে রানুকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এ নিয়ে গত ২১ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির কাছ থেকে হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। আজ (রোববার) রানুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।