নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামে গতকাল রোববার দুপুরে একটি বিদ্যালয়ের প্রধান ফটকের নামকরণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ওই গ্রামের এমসি উচ্চবিদ্যালয়ে সম্প্রতি একটি ফটক নির্মাণ করা হয়। এর নাম মরহুম মালিক চৌধুরী হবে, নাকি ওরূপ মেম্বার হবে—এ নিয়ে গ্রামের সাজ্জাদুর রহমানের সঙ্গে একই গ্রামের এলেমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় পক্ষ অনুমোদনপ্রাপ্ত বন্দুক দিয়ে গুলি ছুড়লে ২৫ জন আহত হন। তাঁরা হলেন সাজ্জাদুর রহমান, স্কুলছাত্র সাব্বির আহমেদ, মনসুর, এলেমান, সুমন, আবদুল্লাহ, জালাল, মাসুক, ওয়ালিদ, আলমগীর, সানি, তাহিদুল, কাউছার, সাইদুর, জাবেদ, নাসির, সবুজ, সফিক, ওয়াহিদ, সুমন, হোসনা, সাজু, গউছ, তেসনি ও নুরুল হক। তাঁদের সবাইকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যালয়ের ফটক নির্মাণ নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে ব্যবহার করা দুটি বন্দুক থানায় নিয়ে আসা হয়েছে।