নবীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৫০ আহত, ২৫ বাড়ি ভাঙচুর ও লুটপাট, গ্রেপ্তার ৫
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামে গতকাল শনিবার সকালে আগের বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। এর মধ্যে ২৫ জনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২০ থেকে ২৫টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কসবা গ্রামের সপ্তম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে (১৪) একই গ্রামের আইনুল মিয়া (২০) গত ৪ সেপ্টেম্বর অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ অপহূতাকে উদ্ধার ও অভিযুক্ত আইনুলকে গ্রেপ্তার করে। এ ঘটনার জের ধরে ওই গ্রামের মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন ফারুক মিয়া ও লুৎফুর মিয়া এবং অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন স্বপন মিয়া ও ফজলুল হক। এ নিয়ে গত কয়েক দিন গ্রামে দফায় দফায় সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে এলাকাবাসীর উদ্যোগে সালিসি বৈঠক হয় স্থানীয় সাংসদ শেখ সুজাত মিয়ার মধ্যস্থতায়। এদিকে গতকাল শনিবার সকাল নয়টায় স্বপন পক্ষের প্রতাপ উল্লাহর ফিশারিতে প্রতিপক্ষের লোকজন মাছ ধরলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা, বল্লম ও বিভিন্ন ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে নবীগঞ্জ থানা ও হবিগঞ্জ জেলা সদর থেকে দাঙ্গাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গ্রামের ফজলুল হক, স্বপন মিয়া, পর্তাব উল্লা, হেকিম উল্লা, মাছুম উল্লা, মতুল্লা মিয়া, সুধীর মিয়া, আনফর উল্লা, জাফর উল্লা, আলী হোসেন, খালেদ মিয়া, আবদুল আজিজ, হাকিম উল্লা, আলাউদ্দিন, সিরাজ মিয়া, মসু মিয়া, আপ্তাব আলী, খবির মিয়া, আছাব উদ্দিন, হোসেন মিয়া, সানুর মিয়া, তোরাপ মিয়া, বাকুল মিয়া, আয়াছ উদ্দিন, তাজউদ্দিন, জিয়াউল হক, সায়েদ আলী, আজিজুল হক, আক্কা মিয়া, আ. রহিম, একলাছুর রহমান, মহিম আহমেদ, নূরউদ্দিনসহ আরও অনেকে দাবি করেন, তাঁদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ফারুক আহমেদ (৩৮), লুৎফুর রহমান (৩৪), শামীম আহমেদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, পূর্ববিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের লোকজনের সংঘর্ষের ঘটনায় নবীগঞ্জ থানার পুলিশ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।