নবীগঞ্জে নদী থেকে তিনটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা নদী থেকে গতকাল রোববার তিন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন কসবা গ্রামের জাকির হোসেন (৩০) ও আবদুল বাছিত (৫০) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দৌড়াই গ্রামের সেবুল মিয়া (২২)। গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে তাঁরা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নবীগঞ্জ থানার পুলিশ ও কসবা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, কসবা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এক পক্ষে নেতৃত্ব দেন ফজলুল হক এবং অপর পক্ষে রয়েছেন দিঘলভাক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন। গত শুক্রবার গোলাম হোসেনের পক্ষের লোকজন ফজলুল হকের ভাই রানার সমালোচনা করলে এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৪০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে উভয় পক্ষের ১৩ জনকে আটক করে। গুরুতর আহত ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সংঘর্ষের পর থেকে ওই তিন ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিখোঁজ ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়। কিন্তু অভিযোগ মিথ্যা ধারণা করে পুলিশ তা আমলে নেয়নি। গতকাল সকালে এলাকার কয়েকজন বিবিয়ানা নদীতে তিনটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নবীগঞ্জ থানার পুলিশ ও ইনাথগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে যায় এবং তিন ব্যক্তির লাশ উদ্ধার করে। ফজলুল হক দাবি করেন, নিহত তিন ব্যক্তি তাঁর আত্মীয়স্বজন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মৃতদেহগুলোতে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশ তিনটি হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, শুক্রবারের সংঘর্ষের ঘটনায় এ তিনজন নিহত হয়েছেন। পরে তাঁদের লাশ নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুপুরে সাইফুল ইসলাম, জমির আলী ও ইফসু মিয়া নামের তিনজনকে আটক করা হয়েছে।