নবীগঞ্জে বেশি দামে অ্যানথ্রাক্স প্রতিষেধক বিক্রির অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অতিরিক্ত মূল্যে অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ভেটেরিনারি মাঠ সহকারীরা সরকার নির্ধারিত ৫০ পয়সার বিপরীতে ২০ থেকে ১০০ টাকায় প্রতিষেধক বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অ্যানথ্রাক্সের সংক্রমণ রোধে নবীগঞ্জে উপজেলার ১৩টি ইউনিয়নে প্রায় এক সপ্তাহ ধরে গবাদিপশুকে প্রতিষেধক দেওয়া হচ্ছে। এর দায়িত্বে রয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের দুজন ভেটেরিনারি মাঠ সহকারী। তাঁরা হলেন শাহজাহান সরকার ও মোয়াজ্জেম হোসেন। উপজেলার আউশকান্দি গ্রামের কৃষক সবুজ মিয়া অভিযোগ করেন, ভেটেরিনারি মাঠ সহকারী শাহজাহান সরকার প্রতিষেধক দেওয়ার সময় অতিরিক্ত ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিচ্ছেন। দিনারপুর এলাকার হারুন মিয়ার অভিযোগ, তিনি ও তাঁর এক প্রতিবেশী সাতটি গরু নিয়ে গাবদেব বাজারে গিয়েছিলেন প্রতিষেধক দেওয়ার জন্য। শাহজাহান সরকার তাঁদের জানান, তাঁর কাছে কোনো প্রতিষেধক নেই। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আরেক ব্যক্তির একটি গরুকে প্রতিষেধক দেন। এই প্রতিষেধক কোথা থেকে এল—প্রশ্নে শাহজাহান বলেন, ‘ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রতিষেধক দেওয়া হচ্ছে। এভাবে প্রতিষেধক দিতে হলে সাতটি গরুর জন্য ৫০০ টাকা লাগবে।’বড়বাকৈ গ্রামের আইয়ুব আলী বলেন, তিনি একটি গরুকে প্রতিষেধক দিয়েছেন। এ জন্য ভেটেরিনারি মাঠ সহকারী মোয়াজ্জেম হোসেন তাঁর কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়েছেন। টেকির বাজারের ব্যবসায়ী সাজন মিয়ার অভিযোগ, প্রতিষেধক দেওয়ার জন্য তাঁকেও অতিরিক্ত টাকা গুনতে হয়েছে। তিনি বলেন, ভেটেরিনারি সহকারীদের গরু দেখালেও ২০ থেকে ৫০ টাকা দিতে হয়।অভিযোগ অস্বীকার করে শাহজাহান সরকার বলেন, অতিরিক্ত এক টাকাও বেশি নেওয়া হয় না। গরুর ক্ষুরারোগ হলে একটু বেশি টাকা নেওয়া হয়। তিনি বলেন, প্রতিষেধকের কোনো সংকট নেই। প্রত্যেককেই সরকারি বিধিমতে সেবা দেওয়া হচ্ছে। মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলা থেকে তিনি কোনো প্রতিষেধক পান না। ব্যক্তিগত সংগ্রহ থেকে তিনি গ্রামবাসীকে প্রতিষেধক দিচ্ছেন। এ জন্য তিনি প্রতিষেধকপ্রতি পাঁচ-ছয় টাকা করে নেন। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ বি এম আব্দুর রউফ জানান, অতিরিক্ত মূল্যে প্রতিষেধক বিক্রির বিষয়ে তিনি লিখিত কোনো অভিযোগ পাননি। তিনি বলেন, প্রতিটি প্রতিষেধকের সরকারি মূল্য ৫০ পয়সা। তবে কেউ খুশি হয়ে বেশি টাকা দিলে তা ভিন্ন কথা।