ময়মনসিংহ সদর উপজেলায় গতকাল শনিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ সাতজন নিহত ও আওয়ামী লীগের এক নেতাসহ ১৫ জন আহত হয়েছেন। নবীগঞ্জে সড়ক দুর্ঘটনার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হানিফ পরিবহনের সিলেটের কাউন্টারে আগুন দিয়েছেন ও ভাঙচুর চালিয়েছেন।
ময়মনসিংহে নিহত দুজন হলেন মুক্তাগাছা উপজেলার বাবুল শিকদার (৫০) ও হযরত আলী (৩৫)। নবীগঞ্জে নিহত সাতজন হলেন সিলেট জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোস্তাক আহমেদের স্ত্রী মুর্শেদা বেগম (৪০) ও তাঁর ছেলে মেহেদী হাসান (৫) এবং বাসের সুপারভাইজার বরগুনার আমতলী উপজেলার দরবেশপুর গ্রামের মহসিন আলী টিপু (৪৫), বাসচালকের সহকারী বাগেরহাটের ডেমা গ্রামের তরিকুল ইসলাম (৩৫), যাত্রী সিলেটের কানাইঘাট উপজেলার দুলাই গ্রামের শাহাবুদ্দীন (২৫), বরগুনার আমতলী উপজেলার আবু সালেহ হাওলাদার (৩৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার হরিনা গ্রামের আরিফ আজাদ (৩২)। তাঁদের মধ্যে আবু সালেহ সিলেটের জালালাবাদ সেনানিবাসে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের মাইজবাড়ি এলাকায় টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল শিকদার ও হযরত আলী নিহত হন এবং অপর তিনজন আহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে আট মাসের অন্তঃসত্ত্বা এক মা প্রাণ হারান তাঁর পাঁচ বছরের শিশুসহ। পাশাপাশি এই তালিকায় রয়েছেন একজন লেবাননপ্রবাসী ও সেনাসদস্যও। এই দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়ক তিন ঘণ্টা বন্ধ থাকে। পাশাপাশি রাত দুইটার দিকে সিলেটের কদমতলী বাস টার্মিনালে অবস্থিত হানিফ পরিবহনের কাউন্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
মৌলভীবাজারের শেরপুর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস শুক্রবার রাত পৌনে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালপুরে পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার মহসিন আলী, বাসচালকের সহকারী তরিকুল ইসলাম ও লেবাননপ্রবাসী শাহাবুদ্দীন নিহত এবং আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদসহ ২০ জন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ, শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা আহত ব্যক্তিদের মধ্যে শিশু ও নারীসহ আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মুর্শেদা বেগম ও তাঁর ছেলে মেহেদী হাসান মারা যায়। পরে একই হাসপাতালে চিকিৎসাধীন সেনাসদস্য আবু সালেহ এবং আরিফ আজাদ মারা যান। দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ প্রশাসন উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত দুইটার দিকে সিলেটের কদমতলী বাস টার্মিনালে অবস্থিত হানিফ পরিবহনের কাউন্টারে হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে তাঁরা সেখানে অগ্নিসংযোগ করেন। এতে টিকিট কাউন্টারের একটি কক্ষসহ দুটি লেগুনা ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে রাত প্রায় আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
হানিফ পরিবহনের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগকারীদের আগামী সোমবারের মধ্যে গ্রেপ্তার না করলে পরিবহন ধর্মঘট ডাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গতকাল বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে এ দাবি জানিয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জাবেদ হোসেন মো. তারেক জানান, রাত দুইটার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে হানিফ পরিবহনের কাউন্টার, যাত্রী পরিবহনের জন্য দুটি লেগুনা ক্ষতিগ্রস্ত হয়।
শেরপুর হাইওয়ে থানার ওসি মো. নুরুন্নবী জানান, গতকাল সকালেই নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তিনি বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। বাস ও ট্রাক থানায় আটক আছে।
(প্রতিবেদনটি তৈরিতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, সিলেট, ময়মনসিংহ অফিস ও হবিগঞ্জ প্রতিনিধি সহায়তা করেছেন)