নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত এবং ২২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা বাসের যাত্রী ছিলেন।
নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার বেলপাড়া এলাকার জনি মিয়া (৩৫) ও তাঁর ছেলে জিহাদ (৬)।
শেরপুর হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে সিলেট আসছিল। সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বাসযাত্রী জনি মিয়া ও তাঁর ছেলে জিহাদ। এ ঘটনায় আহত রফিক মিয়া, সালামত আলী, আবদুর রউফ, রুস্তম মিয়াসহ ২২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ওসি সেকান্দর হোসেন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা ও ছেলের লাশ থানায় নিয়ে আসে। পরে তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।