নবীগঞ্জে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিচঢালাই দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তা উঠে যাচ্ছে l ছবি: প্রথম আলো
পিচঢালাই দেওয়ার এক সপ্তাহের মধ্যেই তা উঠে যাচ্ছে l ছবি: প্রথম আলো

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামে একটি নির্মাণাধীন সড়কের কিছু অংশে পিচঢালাই করার এক সপ্তাহের মধ্যে তা উঠে যাচ্ছে। এ পরিস্থিতিতে নির্মাণকাজে অনিয়মের প্রতিবাদে এলাকাবাসী সড়কের কাজ বন্ধ করে দিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে আধা কিলোমিটার পাকা সড়ক নির্মাণে ২১ লাখ টাকা বরাদ্দ দেয় এলজিইডি। মেসার্স আবদুল কাইউম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পান। তাঁরা ২০ মে নির্মাণের কাজ শুরু করেন।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের কিছু অংশে পিচঢালাই দেওয়ার এক সপ্তাহ যেতে না যেতেই তা উঠতে শুরু করেছে। পাথরের পরিবর্তে ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। পিচঢালাইয়ে এক-দেড় ইঞ্চি পুরু করার কথা থাকলেও তা করা হয়নি। এ কারণে স্থানে স্থানে পিচঢালাই উঠে যাচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের জানুয়ারি মাসে শুরু করে ফেব্রুয়ারিতে কাজ শেষ করার কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন চলতি মাসে কাজ শুরু করেন। এ পর্যন্ত অর্ধেক কাজ হয়েছে।
গাবদেব গ্রামের রজব আলী বলেন, ‘নির্মাণের এক সপ্তাহের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে। পাশাপাশি শক্ত কিছু দিয়ে একটু গুঁতো দিলেই কার্পেটিং কাগজের মতো উঠে হাতে চলে আসে।’
একই গ্রামের বাসিন্দা মজিবুর রহমান অভিযোগ করেন, এ অনিয়মের কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে গত রোববার থেকে কাজ বন্ধ করে দেন। ওই গ্রামের বাসিন্দা কাজল মিয়া বলেন, তাঁরা রাস্তার কাজের এ অনিয়মের বিষয়টি নবীগঞ্জ এলজিইডির অফিসকে জানিয়েছেন। কিন্তু কেউ ঘটনাস্থলে এসে তদন্ত করেননি। এ দুর্নীতির সঙ্গে অফিসের কিছু অসৎ কর্মকর্তা জড়িত।
এ অভিযোগের বিষয়ে ঠিকাদার আবদুল কাইউমের সঙ্গে মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি তা ধরেননি। তবে ঠিকাদারি কাজে নিয়োজিত আবদুস সালাম বলেন, বৃষ্টির কারণে কোনো কোনো জায়গায় পানি জমে থাকায় কিছুটা সমস্যা হয়েছে। তবে এ সমস্যাগুলো তাঁরা সমাধান করে দেবেন।
এলজিইডি নবীগঞ্জ উপজেলা কার্যালয়ের প্রকৌশলী সৈয়দুর রহমান বলেন, ‘কোনো অনিয়ম নয়, কার্পেটিং করার সময় কিছু জায়গায় পানি জমে ছিল। এ কারণে কার্পেটিং ঠিকমতো বসেনি। তবে ঠিকাদারকে তিনি এ সমস্যাগুলো সমাধানের জন্য বলে দিয়েছেন।