নবীগঞ্জে ১৫টি গ্রাম প্লাবিত, সহস্রাধিক পরিবার পানিবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুশিয়ারা নদীতে পানি বেড়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ও ইনাতগঞ্জ ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। গত কয়েক দিন অতিবৃষ্টির কারণে নদীতে পানি বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কুশিয়ারা নদীর পানি বেড়ে নবীগঞ্জ উপজেলার নড়খাই নদ দিয়ে প্রবেশ করে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা, রাজাপুর, কুমারকাটা, মাধবপুর, অমরপুরসহ ১০টি এবং ইনাতগঞ্জ ইউনিয়নের জিনাতগঞ্জসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়।

সরেজমিনে দেখা গেছে, উল্লিখিত ১৫ গ্রামের রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, দোকান, আউশ ধান, সবজিখেত, পুকুর ও মাছের ঘের তলিয়ে গেছে। ওই এলাকার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। কুশিয়ারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় বাঁধ ভেঙে নবীগঞ্জ উপজেলার আরও ১০টি ইউনিয়ন প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এ ছাড়া হুমকির মুখে রয়েছে দেশের বৃহত্তম গ্যাস কূপ বিবিয়ানা গ্যাসফিল্ড ও বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট।

বন্যায় ক্ষতিগ্রস্ত দীঘলবাক গ্রামের জমিলা বেগম বলেন, হঠাৎ করে পানি ওঠায় তিনি ও তাঁর পরিবারের সাত সদস্য বসতঘর ছেড়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। একই গ্রামের শেখ আবদুল আছাদ জানান, তাঁর দুটি ঘর ছিল। দুটি ঘরই পানিতে আধা ডুবে আছে। চার-পাঁচ দিন ধরে তাঁরা এই দুরবস্থার মধ্যে আছেন।

ইনাতগঞ্জের বাসিন্দা রফিক মিয়া বলেন, তাঁদের এ দুর্যোগের সময় উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান বা সদস্যরা কেউই সহায়তা নিয়ে এগিয়ে আসেননি।

দীঘলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, পানি ওঠায় বাঁধের বাইরের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নিলে এ ক্ষতির পরিমাণ বাড়তেই থাকবে। ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা দেওয়ার জন্য তিনি সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার জানান, তিনি বিষয়টি জানার পর গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।