নবীন উদ্যোক্তা তৈরিতে শিক্ষার ওপর জোর দিতে হবে
নবীন উদ্যোক্তা তৈরি করতে মানসম্পন্ন শিক্ষার দিকে বেশি মনোযোগী হতে হবে। এ ছাড়া নবীন উদ্যোক্তারা যাতে সহজে ঋণ পান, সেই সুযোগও করে দিতে হবে। সামগ্রিকভাবে নবীন উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। নতুন উদ্যোক্তা তৈরির জন্য তথ্যপ্রযুক্তি খাতটি সম্ভাবনাময় খাতগুলোর অন্যতম।
আজ শনিবার প্রথম আলো আয়োজিত ‘বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। কারওয়ান বাজার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এ সভায় সহযোগিতা করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বৈঠকের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি রপ্তানির পরিমাণ ৫০০ কোটি ডলারে নিয়ে যেতে চাই। এ খাতে বিপুল উদ্যোক্তা তৈরি করতে হবে। এ জন্য ২০১৮ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি উদ্যোক্তাদের জন্য তিন ধরনের প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বছরে ১০ মিলিয়ন ডলারের বেশি রপ্তানি করতে এমন ১০টি প্রতিষ্ঠান; এক মিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি করতে পারে এমন ১০টি প্রতিষ্ঠান এবং স্টার্টআপ বা নবীন সৃজনশীল ১০টি প্রতিষ্ঠানকে সক্ষমতা অর্জনের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে। তিনি মনে করেন, ডিজিটাল অর্থনীতিতে পুঁজি নয়, সৃজনশীলতাই মুখ্য।
শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, উদ্যোক্তা তৈরি করতে হলে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে হবে। আগামী মাস থেকে বিনিয়োগ বোর্ড ও বেসরকারি কমিশন একীভূত হয়ে কাজ করবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান বলেন, বাংলাদেশে সম্ভাবনা আছে বলেই এত উদ্যোক্তা তৈরি হচ্ছে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় থেকে তৈরি উদ্যোক্তারা যেকোনো বড় প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি সৃজনশীল উদ্যোগ নিতে পারবে। ওই প্রতিষ্ঠান এসব উদ্যোগ বাস্তবায়ন করবে; ওই উদ্যোক্তাকে একটি নির্দিষ্ট অংশের মালিকানা দেবে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এমন ১৫ জন উদ্যোক্তা তৈরি করেছে, যাঁরা যেকোনো প্রতিষ্ঠানে যেকোনো কাজের জন্য উপযুক্ত।
গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ ছাড়া উদ্যোক্তা তৈরিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কী করছে, তা তুলে ধরেন এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ মারুফ রেজা।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেনের মতে, অর্থনীতির চাহিদা অনুসারে মানবসম্পদ জোগানে দেশের শিক্ষাব্যবস্থা পুনর্মূল্যায়ন করা উচিত। দেশে এখন বস্ত্র ও ইলেকট্রনিক খাতের প্রকৌশলী দরকার।
উদ্যোক্তাদের ব্যাংকঋণ পাওয়ার সমস্যা নিয়ে নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘যাঁর মাথায় তেল বেশি, তাঁর মাথায় তেল দিতে চায় ব্যাংক। নবীন উদ্যোক্তারা ঋণ পান না। যাঁর টাকা আছে, ব্যাংক তাঁর পেছনে দৌড়ায়। আর যাঁদের টাকা নেই, তাঁরা ব্যাংকের পেছনে দৌড়ায়।’
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার বলেন, পৃথিবী বদলে গেছে। কায়িক শ্রমের পরিবর্তে উদ্যোক্তা তৈরির বিষয়টি এখন মেধাভিত্তিক হয়েছে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) সভাপতি নুরুল ইসলামের মতে, দেশের বেকারদের তিন-চতুর্থাংশই তরুণ-তরুণী। তাঁদের কাজে না লাগালে অপচয় হবে।
দেশে উদ্যোক্তা তৈরি না হওয়ার পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করে বক্তব্য দেন ঢাকা চেম্বারের সহসভাপতি হুমায়ূন রশিদ। কারণগুলো হলো অর্থায়নের সুযোগ কম; ব্যবসায় নিবন্ধনে জটিলতা, বিদ্যুতের সংকট; অবকাঠামো দুর্বলতা ও কর ব্যবস্থাপনা।
বাংলাদেশ ব্যাংকের ইক্যুইটি অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ তহবিলের (ইইএফ) চিত্র তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক লীলা রশিদ বলেন, রাতারাতি উদ্যোক্তা তৈরি হবে না। উদ্যোক্তাবান্ধব পরিবেশ দিতে হবে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম মনে করেন, উদ্যোক্তা হতে শিক্ষাব্যবস্থা কিংবা অন্য কোনো উপায়ে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে।
এ ছাড়া বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক এস এম শাহীন আনোয়ার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের সহসভাপতি ওয়াহিদ শরীফ, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্য শাহানা জেফরীন, ব্র্যাক ব্যাংকের হেড অব স্মল বিজনেস সৈয়দ আবদুল মোমেন, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের কর্মসূচি সমন্বয়ক মাজেদুল ইসলাম, প্রথম আলোর যুব কর্মসূচির সমন্বয়কারী মুনির হাসান প্রমুখ।