নবীন ও অভিজ্ঞের লড়াই
রাজবাড়ী পৌরসভার মেয়র পদে মূল দুই প্রতিদ্বন্দ্বীর একজনের বয়স ২৭, আরেকজনের ৬১। একজন প্রতিশ্রুতশীল নবীন, অপরজন অভিজ্ঞ রাজনীতিবিদ। সব মিলিয়ে রাজবাড়ীতে জমে উঠেছে নবীন ও অভিজ্ঞ এই দুই প্রার্থীর নির্বাচনী লড়াই।
পৌরসভা কার্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯১৩ সালে গঠিত এ পৌরসভার আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার। প্রথম শ্রেণির এই পৌরসভায় ভোটার ৩৮ হাজার ৪০৫ জন। এখানে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি মহম্মদ আলী চৌধুরী (৬১)। তিনি রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়রও। তাঁর স্ত্রী কামরুন নাহার চৌধুরী সংরক্ষিত মহিলা আসনের সাংসদ। বিএনপির মেয়র প্রার্থী ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ (২৭)। অর্ণব জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের ছেলে। এ ছাড়া এখানে জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী শুকুর চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু পৌরবাসী মনে করছেন, এবার লড়াই হবে মহম্মদ আলী ও অর্ণবের মধ্যে।
অন্তত ১৪ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত নির্বাচনে পরাজিত হলেও বসে থাকেননি মহম্মদ আলী। তিনি নিয়মিত প্রচারণা চালিয়ে গেছেন। তবে কয়েক মাস আগে থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ব্যাপক প্রচারণা চালান কাজী ইরাদত আলী। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজবাড়ী চেম্বারের সভাপতি। তাঁর বড় ভাই কাজী কেরামত আলী চারবার নির্বাচিত সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন পান মহম্মদ আলী চৌধুরী। উভয়ের মধ্যে সমঝোতা হওয়ায় কাজী ইরাদত আলী দলীয় প্রার্থীকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দেন। এ কারণে সুবিধাজনক অবস্থানে আছেন মহম্মদ আলী চৌধুরী।
এদিকে অর্ণব রাজনৈতিক অঙ্গনে তরুণ। অর্ণবের বাবার কারণে ভোটারদের মধ্যে তাঁর একটি নিজস্ব ভোটব্যাংক রয়েছে বলে সবাই মনে করেন। অর্ণব নেওয়াজ মাহমুদ বলেন, নির্বাচনে তিনি কারচুপির আশঙ্কা করছেন না। তবে তাঁর কর্মী বাহিনীকে মহম্মদ আলী চৌধুরীর সমর্থকেরা নানাভাবে হুমকি দিচ্ছেন, বিশেষ করে নারী কর্মীদের। তাঁরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন। হুমকি দেওয়া অব্যাহত থাকলে তাঁরা বিষয়টি প্রশাসনকে জানাবেন। তবে বিএনপি প্রার্থীর ওই অভিযোগ অস্বীকার করে মহম্মদ আলী চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের সেবা করছেন। মেয়র থাকার সময় তিনি পৌরসভার উন্নয়নের ক্ষেত্রে নানামুখী কর্মকাণ্ড পরিচালনা করেছেন। তাঁর অতীত কর্মকাণ্ডের জন্যই পৌরবাসী তাঁকে আবার নির্বাচিত করবেন।